কবিতাকে খুব নান্দনিক হওয়ার দরকার নেই, নেই অত্যধিক উপমা নির্ভর হওয়া। জীবনানন্দ বলেছেন, উপমাই কবিতা। এরপর বহু কবি উপমাকে প্রাধান্য দিতে গিয়ে কবিতাকে অতিশয় খাপছাড়া করে তুলেছেন। উপমার সমষ্টি থেকে কবিতাকে বের করে আনা প্রায়শই অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও একজন কবির জানা থাকা উচিত, তিনি কি লিখছেন, কার জন্য লিখছেন, কিভাবে লিখছেন। অনুপ সাদির কবিতা পাঠে, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়। অনুপ সাদি তার কবিতায় প্রেম, বিপ্লব, মানুষের বিভিন্ন সংকট, রাষ্ট্রীয় ও সমাজের সুবিধাবাদী শ্রেণির প্রতারণাসমূহ সুনিপুণভাবে তুলে এনেছেন। অনুপ সাদির কবিতার ভাষা খুব সাধারণ অথচ অনুভূতিপ্রবণ। কবিতা আজকাল প্রমিতের শৃঙ্খলে বাঁধা পড়েছে অনেকটাই। অনুপ সাদির কবিতায় প্রমিত ভাষা অনেকটাই উপেক্ষিত। একটি কথা আমি ব্যক্তিগতভাবে বলি, উত্তরাধুনিক কবিতা না লিখলেই কি? খুব উচ্চ পর্যায়ের অথবা প্রচলিত দিক দিয়ে যে কবিতা পাণ্ডিত্যপূর্ণ, তেমন কবিতা না হলে তেমন কিছু আসে যায় না। একজন কবির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একজন কবি যা বলতে চেয়েছেন, তা বলতে পেরেছেন কিনা। অনুপ সাদির কবিতা পাঠে এই বিষয় স্পষ্ট যে, তিনি তার কবিতায় যা বলতে চেয়েছেন, তা বলতে পেরেছেন।
অনুপ সাদির একটি কবিতা গ্রন্থের নাম উন্মাদনামা। এতে প্রথম কবিতা উন্মাদনামা। এই কবিতাটি গল্প বলার ভঙ্গি থেকে শুরু থেকে শেষ হয়েছে। উন্মাদনামা থেকে পড়ছি,
আমার দাদিরা ছড়া কাটে দেশি
আর বিদেশি কাকে খায় দুগ্ধবতি গাভীর কচি দুধের স্বর
ছেলেরা সারারাত তরুণীদের সাথে পাড়াময় মাস্তি করার স্বপ্ন দেখে
মিথ্যার পটকা ফোটায় অন্দরমহলের আকাশে বাতাসে;
গল্প বলার অতি সাধারণ অথচ আকর্ষণীয় ভঙ্গিমা কবিতাকে উপভোগ্য করে তুলেছে। আরেক লাইনে লিখেছেন, লালন তোমার ছেউড়িয়ায় এখন প্রিন্স পুঁজিবাদ। কবিতা পাঠে বোঝা যায়, আমাদের চলমান সংস্কৃতি ও জীবনধারার ভেতর দিয়ে পুঁজিবাদ আমাদের গোঁড়ায় গোঁড়ায় পৌছে গেছে কত সুনিপুণভাবে। উন্মাদনা কবিতা পাঠে কবির সমাজ নিয়ে নিরীক্ষা করেছেন, সমাজের প্রচলিত কথাগুলো তুলে এনে এর সমস্যা হিসেবে দেখিয়েছেন প্রিন্স পুঁজিবাদকে। সমাজ রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিন্হিত করেছেন পুঁজিবাদকে।
উন্মাদনামা গ্রন্থে আরেকটি কবিতা, আমরা গণশত্রু পেয়ে গেছি। এই কবিতাটি কবির দৃষ্টিভঙ্গী সম্বন্ধে জানান দেয়। জানান দেয় সচেতনতার গুরুত্বপূর্ণ ধাপ হলো, গণশত্রু চিন্তিত করা। কারা আমার দেশকে রাষ্ট্রকে মুনাফার লোভে ধ্বংস করে দিচ্ছে। উন্মাদনামার আরেকটি কবিতার নাম, বিপন্ন জনগণের ইতিহাস। সমস্ত কবিতাটি থেকে কয়েকটি লাইন পড়ি,
নিজেদের তৈরি রাষ্ট্রকে ভাঙতে কেন এতো রক্ত যায়,
আবার
একটি রাষ্ট্র ১৫ টুকরো হলেও কেন, মরে না পাঁচ জনও?
এখানে কবি জনগণের তথা রাষ্ট্রের মূল সমস্যা চিন্তিত করার প্রয়াস করেছেন। অল্প কিছু মানুষের লোভ ও ধূর্ততা থেকেই বেশিরভাগ সমস্যা তৈরি হয়। শাসকশ্রেণীর অসততা ও লোভ থেকেই জনগণ দিনকে দিন বিপন্ন হতে থাকে। শেষে বলেছেন,
আর আমাদের স্বাধীনতা শব্দটি কী অর্থ প্রকাশ করে তা
শক্তিধরটির কার্যালয়ের সামনের বিপন্ন বিষণ্ন মানুষটির
চোখে চোখ রাখলে টের পাওয়া যাবে।
বিপন্ন মানুষের ইতিহাস কবিতাটি চিন্তার দুয়ার খুলে দেয়। স্বাধীনতা আসলে কেমন হওয়া উচিত, স্বাধীনতার কথা বলে শাসকশ্রেণি আমাদের গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে কিনা, এ থেকে মুক্তির উপায় কি, ভাবনার অতল গহীনে ডুবিয়ে রাখে।
উন্মাদনামার একটি কবিতার নাম মৃত্যুকুপের মাঝে বাঁচার ধুর্ততা। কবিতার নামকেই কবিতা বলা যায়। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা সারাদেশে মৃত্যুকুপ তৈরি করেছে। মানুষ যত্রতত্র মরে যাচ্ছে। হাসপাতালে অব্যবস্থাপনায়, সড়ক দূর্ঘটনায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে, খোলা ম্যানহোলে পড়ে গিয়ে, বিরোধ থেকে খুন, ধর্ষণে, শিশুরা মরে যাচ্ছে হামে। সর্বত্র অনিয়ম, লুটপাট, সীমাহীন দূর্নীতি, মানুষের উপর লাগামহীন করের বোঝা, বেকারত্ব, সমাজে তৈরি করা কৃত্রিম হতাশা। এসব বিষয় কবি অনুপ সাদি মৃত্যুকুপের মাঝে বাঁচার ধুর্ততা কবিতায় তুলে এনেছেন ক্লেষ, তামাশা, প্রতিবাদ ও ক্ষোভের মিশ্রণে। তিনি বর্তমান সময়ের বামপন্থীদের নিয়েও সমালোচনা করেছেন।
আর সুবিধাবাদীরা হ্যাচারি খুলছে অনেক,
প্রতিবাদ ও বামপন্থার হ্যাচারি, প্রতিবাদে আয় প্রচুর,
বৈঠকখানায় চর্চা করে ধান্দামুলক বস্তুবাদ,
কতো টাকা আয় হলো গোপনে ডলার ব্যবসা করে,
কতো টাকা আয় হলো শেয়ারে সফল লগ্নি করে।
জীবনতো একটাই বাকিসব কিছু হচ্ছে ফাঁকা
শ্রেণীভিত্তিক সমাজে গরিবী সরিয়ে কামাই করো টাকা।
বর্তমান সময়ে বামপন্থীরাও যে অর্থলিপ্সু হয়ে গেছে, কবিতায় তা তুলে ধরা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের প্রতিবাদের পদ্ধতি যে ভুল এবং অনেকে প্রতিবাদের নামে সাধারণ মানুষকে ও প্রচারিত আদর্শের সাথে যে ভীষণভাবে প্রতারণা করছেন, কবি অনুপ সাদি তার কবিতায় দক্ষতার সাথে তুলে ধরেছেন। আরেকটি কবিতা হলো কিছু রক্ত এখনো বিদ্রোহী। এই কবিতায় কবি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করেছেন তার কবিতা লেখার সচেতন দৃষ্টিভঙ্গি। কবিতাকে তিনি মানুষের মুক্তির মাধ্যম হিসেবে দেখেছেন। তিনি কবিতার মাধ্যমে কৃষক, শ্রমিকের স্বার্থ রক্ষার কথা বলেছেন।
আমরা শ্রমিককে মজুরি দিয়ে বোঝাতে চাই
ঘুম এলেও কবিতা লেখা যায়,
এবং কবিতা জীবনের অধিক গুরুত্ব বহন করে ,
হারানো দিন ফুটিয়ে তোলে
কিছু রক্ত এখনো বিদ্রোহী কবিতার নাম আমাকে মুগ্ধ করেছে। যতো কিছু ঘটুক, কিছু রক্ত এখনো বিদ্রোহী, কিছু মানুষ এখনো পূর্ণাঙ্গ মানুষ। এরা ক্ষমতা কাঠামোর বাইরে থাকে। এরা কৃষক, শ্রমিকের কথা বলে। এজন্যই কবিতা আজও সুন্দর। উন্মাদনামার শেষ কবিতা আধুনিক নেতাদের পচনক্রিয়া। এটি একটি দীর্ঘ কবিতা। বর্তমান সময়ের রাজনৈতিক নেতারা যে পঁচে গেছেন, তারা যে লুটেরা, তারা যে আদর্শের সাথে ভন্ডামি করেন, তা ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তারা যে উন্নয়ন ও গণতন্ত্রের মানুষের সাথে প্রতারণা করছেন, এই কবিতায় তা ব্যাঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। “চুতরা গাছে কলা আর ধুতরা গাছে ডাব” উপমার মাধ্যমে বর্তমান সময়ের রাজনীতিকে প্রশ্নের সম্মুখীন করেছেন।
বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান গ্রন্থের একটি কবিতা চেনা ইতিহাসে অভাবি মানুষ। আমাদের ইতিহাসে অভাবি মানুষকে কিভাবে চিত্রায়িত করা হয়েছে, তা এই কবিতায় তুলে ধরা হয়েছে। টি. এস. এলিয়ট বলেন, “History has many cunning passages, contrived corridors and issues.” অর্থাৎ ইতিহাসে অনেকগুলো ধূর্ত অধ্যায় রয়েছে। ইতিহাসে অনেক ভুল তথ্য, সাজানো মিথ্যা রয়েছে। কেননা প্রায় প্রতিটি ইতিহাস বিজয়ীরা লেখে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই বিজয়ীর মিথ্যা স্তুতি ইতিহাসে স্থান পেয়েছে। কবি অনুপ সাদি চেনা ইতিহাসে অভাবি মানুষ কবিতায় অভাবি মানুষকে যে সাম্রাজ্যবাদী কায়দায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তাই তুলে ধরেছেন। আরেকটি কবিতা নামহীন গোত্রহীন। এই কবিতায় একটি লাইন, “একটি টর্চলাইট জ্বালালে আলো- অন্ধকারের শক্তিতে তোমাদেরকে দেখা যায়”। এই বাক্যের ভেতর কবিতার সৌন্দর্যবোধ ও সমস্ত কবিতার চিত্রকল্প ধরা পড়ে। অনুপ সাদিকে কেনো পাঠ করা উচিত, এর উত্তর হিসেবে এই বাক্যটি, এই কবিতাটি পড়া উচিত বলে মনে করি।
সুবাসিত রঙিন সাবানের গল্পে সাত মাস নামটি নিজেই কবিতা। “কার কাছে গেলে পাই রূপার ঘ্রাণ আর দিনের শোভা স্নিগ্ধ সহজ শুচি ফুল”। বাক্যের ভেতর কবির অনুসন্ধিৎসা, সৌন্দর্যবোধ ও আকাঙ্ক্ষার পরিচয় পাওয়া যায়। আকাঙ্ক্ষা শিল্পকে বাঁচিয়ে রাখে। কবিতাটি সাতটি ভাগে খুব সাধারণ অথচ সাবলীলভাবে বয়ে গেছে। আরেকটি কবিতার নাম জীবন কয়লা কোম্পানি। এই কবিতায় শ্রমিক, শ্রম, প্রেম তুলে ধরা হয়েছে। এই কবিতার একটি বাক্য, “আমাদের প্রেম বড় নাকি লাতিন আমেরিকা বড়” পাঠ করলে পাঠক হৃদয়ে অনেকগুলো প্রশ্ন দেখা দেয়। সাহিত্যের গুরুত্বপূর্ণ কাজ হলো পাঠকের ভাবনাকে ত্বরান্বিত করা। আরেকটি বাক্য, “আজ আমি এসব প্রশ্নের উত্তর পেয়ে গেছি”। নিজের কাছে নিজের পথ ও লক্ষ্য পরিষ্কার হওয়া খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তি যদি নিজেকেই না বুঝতে পারে, সে সমাজকেই কি দিবে কিংবা নিজে কোন দিকে হাঁটবে। তাই আমি মনে করি, জীবন কয়লা কোম্পানি একটি ভালো কবিতা। আবার নতুন সড়কে তোমাকে নিমন্ত্রণ কবিতায় কবি বলেছেন,
দেখো, দেখো, নতুন তারারা ডাকছে
নতুন সড়ক তৈরি হচ্ছে
নতুন পথের চিন্তা করে নিমন্ত্রণ নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। কবিতায় নতুনের প্রতি আহবান, নতুন শ্রেণীহীন সমাজের সম্ভাবনা আমাকে মোহিত করেছে।
প্রেম বার্তাগুলি নামে এক দু’লাইনের কবিতাগুলো সুন্দর অলংকরণ ও স্বল্প কথায় দারুণ ভাবনার সন্ধান পাওয়া যায়।
তোমাকে ঘিরে আমার আবর্তন
তুমি যেন ভাবো সারাক্ষণ।
অনুপ সাদির আরেকটি গ্রন্থের নাম আমার হৃদয় কোনো দেয়াল মানে না। উৎসর্গ তন্ময় বীর, সংকীর্ণতা যাকে স্পর্শ করতে পারে না। বইয়ের একটি কবিতা মানুষের ইতিহাস রচিত হবে একদিন। কবিতার শুরুটিই কবিতার প্রতি মনোযোগী হতে সাহায্য করে।
অনন্যা, আমি যোগাযোগ করতে পারছি না
আমি এখন বিচ্ছিন্ন, পৃথিবী থেকে নয়,
সভ্যতার অবশিষ্ট থেকে নয়,
আমি বিচ্ছিন্ন হয়েছি তোমার কাছ থেকে।
বলেছেন, “এদেশে ঘাসেরা সবসময় আশাবাদী, পাখিরা গায়ক”। শেষে বলেছেন, “মানুষ হবো, প্রকৃত মানুষের ইতিহাস লিখবো”। বর্তমানে একটা নৈরাশ্য পরিস্থিতি চলছে। এই অবস্থায় কবির সবচেয়ে যুগান্তকারী কাজ আশাবাদ তৈরি করা। অনুপ সাদি এই কবিতায় সুনিপুণভাবে মানুষের, প্রকৃত মানুষের ইতিহাস রচিত হওয়ার কথা বলেছেন। আরেকটি কবিতার নাম সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার। কবিতায় কবির সৌন্দর্যবোধ, দর্শন ও নিহিত ভাবনা অনন্য সাধারণ। এখানেও কবি মানুষের অমিত সম্ভাবনার কথা বলেছেন। আরেকটি কবিতা, প্রশ্নের পিরামিড। বর্তমান সমাজে মানুষ প্রশ্ন করতে অনেকটাই অনাগ্রহী। রাষ্ট্র শক্তিও এটাই চায়, মানুষ প্রশ্ন না করুক। মানুষ প্রশ্ন করা ভুলে গেলে মানুষের উপর অন্যায়, অবিচার অনেকটা সহজ হয়ে যায়। প্রশ্নের পিরামিডে কবি অনেক প্রশ্ন করেছেন, মানুষের ভেতরের প্রশ্ন করার শক্তিকে উসকে দিয়েছেন। মানুষের হৃদয়ে লুকোনো প্রশ্নগুলোকে উত্থাপন করতে আগ্রহ জাগানোই প্রয়োজন। এই কবিতায় বারবার একটি প্রশ্ন করেছেন, “কে তুমি”। মানুষের সবচেয়ে বেশি দরকার, নিজেকে জানা। প্রশ্নের পিরামিড কবিতায় যেনো হাজার হাজার প্রশ্ন লুকোনো। এইসব প্রশ্নের উত্তর মিললে মানুষ সামনের দিকে অগ্রসর হবে। আরেকটি কবিতার নাম আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি। বাক্যটি নিজেই কবিতা। এই কবিতাটি বারবার পড়তে ইচ্ছে করে। অদ্ভুত সৌন্দর্য নিয়ে কবিতাটি ঘোরের ভেতর নিয়ে যায়, হৃদয়কে উদার ও অসীম করে তোলে। এই বইয়ের আরেকটি কবিতা আমার হৃদয় কোনো দেয়াল মানে না। কবিতায় চিন্তা ও সৌন্দর্যের অসীমতা বিমুগ্ধ করে রাখে। মানুষের সম্ভাবনা ও তার অন্তর্নিহিত ভাবনা সীমাহীন, তাই তুলে ধরেছেন ।
ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা কবিতাটি কবি কলকাতায় ভ্রমণরত অবস্থায় লিখেছেন। কলকাতার সৌন্দর্য আর পুঁজির আগ্রাসন পাশাপাশি অবস্থান করছে। এর মধ্যেও কেউ কেউ সমাজ বদলের জন্য কাজ করছে। কলকাতার ইতিহাস সমৃদ্ধ, সেই কলকাতা এখন সাম্রাজ্যবাদ ও পুঁজিতে আক্রান্ত। তবে যে কলকাতা মানিকের, সলিলের, বিপুলের সেই কলকাতা একদিন আবার মানুষের হবে। আরেকটি কবিতা হলো আমাদের আশাগুলোর বয়স বাড়ে না। এখানেও আগের কবিতার মতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আরেক কবিতার নাম সমাজতন্ত্র কখনো আকাশ থেকে পড়ে না।
যেহেতু কোনো ভাবমূর্তি নেই, আমরা একাই দায় নেব
সমাজতন্ত্র গড়বার।
সমাজতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ের পাশাপাশি দায় নেবার ও আত্মত্যাগ করার মানসিকতা থাকতে হবে। নিষ্ঠার কঠিন লড়াই করা না গেলে সমাজতন্ত্র আসবে না। পরাজিত শ্রমিক কবিতায় বলেছেন,
বহুকোষী টাকাগুলো শ্রমিকের ঘাড়ে চড়ে চেঁচিয়ে বলে
‘পরমাণু বোমা হলো মানুষের বাপ’!!!
বহকোষী টাকাগুলো দারুণ রুপক, যা কবির প্রতিবাদ ও ক্ষোভকে প্রকাশ করে ভাবনার সমুদ্রে নিক্ষেপ করে। আরেক কবিতার নাম অন্ধ নাদেরালি।
যে মেয়েটি স্বাধীনতা নিয়ে শরীর দুলিয়ে
তোমার সামনে এসে ভুল ইংরেজিতে বলেছে
আংকেল, এতো বেশি ঝকমকে কেন বাজারের ফুল?
সে এখন কোন বিড়ি খায়, কার খাটে শোয়?
দারুণ চিত্রকল্পের ভেতর কবিতাটি অগ্রসর হয়েছে। আরো দুটো কবিতার নাম চারু মজুমদার ও চে এক রক্তমাখা আলো। চে এক রক্তমাখা আলো কবিতার শেষের দিকে বলেছেন,
তীব্র বর্ষায় যেদিন শহরের বস্তিগুলো ভাসতে থাকে,
পৃথিবীর কোনো এক ক্ষুদ্র কোণে
অসহায় মানুষের ভিড়ে
এইসব লেখাজোখা মহাপৃথিবীর চিন্থ হয়ে ঝুলতে থাকে
সত্যের বারান্দায়।
শহরের বস্তি, অসহায় মানুষ, মহাপৃথিবীর চিন্থ উপমার ব্যবহার কবিতাকে নান্দনিক করে তুলেছে।
কবিতা কি কাজে লাগে বর্তমান বিশ্বে। কেনো শিল্পের এতো মাধ্যমের ভেতর একজন কবিতাকে বেছে নিবেন। যাদের জন্য লিখছেন, তিনি কি বুঝতে পারবেন? অনুপ সাদির কবিতা ও ভাষাজ্ঞান এক্ষেত্রে প্রশংসনীয়। খুব সাধারণ শব্দ দ্বারা তিনি কবিতা লেখেন। সহজ সাবলীল হওয়ায় পাঠক সহজেই যেমন বুঝতে পারবে, তেমনি তার হৃদয় ভাবনায় দোলায়িত হবে। আকর্ষণবোধের পাশাপাশি প্রশ্ন, উত্তর আর কথার খেলা। কবিতাগুলো যেন গল্পচ্ছলে বর্ণনা করেছেন। কবিতার মাধ্যমে কবি যেনো কথা বলেছেন অজস্র মানুষের সাথে, নিজের সাথে। অনেক কবি সাহিত্যিক কৃষক, শ্রমিক ও শোষিত মানুষের জন্য লিখেন। কিন্তু এতো কঠিন ভাষার প্রয়োগ করেন যে, বুঝতে পারা কঠিন হয়ে পড়ে। অনুপ সাদির কবিতা পাঠে সহজেই বোঝা যায়, তিনি কি বলতে চাচ্ছেন। এই সহজ ভাষায় সবকিছু অথবা অনেক কিছু বলা যায়, তা অনুপ সাদির কবিতা পাঠ করে বুঝতে পেরেছি। এই অনবদ্য, সহজভাবে সব কঠিন কথা, মানুষের জীবনের সংগ্রামের কথা বলতে পারা কবিতার জন্য এরচেয়ে বড় চাওয়া নেই। একথা বলতেই পারি, বলতে পারার আশ্চর্য ক্ষমতা অনুপ সাদির কবিতার সবচেয়ে বড়ো গুণ।
আরো পড়ুন
- অনুপ সাদির কবিতা ও ভাষাজ্ঞান: সহজ ভাষায় জীবনের কঠিন সংগ্রামের কথা
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: মুক্ত জ্ঞানচর্চার নতুন দিগন্ত
- অনুপ সাদি সম্পর্কে কিছু ধারণা | অরুণ গুপ্ত
- অনুপ সাদি: যিনি আমাকে বাংলাদেশ ও বাঙালির সাথে পরিচয় করিয়েছেন
- অনুপ সাদির কবিতা: সাহিত্য ভ্রমের বিরুদ্ধে যুক্তিতর্ক
- অনুপ সাদির কবিতায় দ্রোহ, স্বদেশ ও বিশ্বমানবের জয়গান
- অনুপ সাদির হাফ সেঞ্চুরি এবং আমার লেখার হাতেখড়ি
- রূপোলী জ্যোৎস্নায় সফেদ সাদি
- নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ এবং নারী : প্রতিরোধ, সত্য ও ভাঙচুরের পাঠ
- একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কণ্ঠের পঞ্চাশ: অনুপ সাদিকে নিয়ে আমার ভাবনা
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন
- শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন
- উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে
- জাগো বাহে, কোনঠে সবাই
- সাহিত্য প্রসঙ্গে গ্রন্থ সম্পর্কে একটি আলোচনা
- অনুপ সাদি বাংলা উইকিপিডিয়ার অন্যতম অবদানকারী
- অনুপ সাদি : ব্যক্তি ও ব্যক্তিসত্ত্বা
- চণ্ডালের চণ্ডিপাঠ
- ফেসবুকে অনুপ সাদি: একজন মার্কসবাদী চিন্তক ও সক্রিয় কর্মীর ডিজিটাল প্রতিকৃতি
- বাংলাদেশের সাংস্কৃতিক অবস্থা ও সমাজতান্ত্রিক রাজনীতি: অনুপ সাদির চিন্তাধারার নির্মোহ বিশ্লেষণ
- অনুপ সাদি ও সমকালীন মার্কসবাদ: একজন সবিশেষ কর্মীর জীবন ও দর্শন
- অনুপ সাদি: একজন নিবেদিতপ্রাণ চিন্তকের জীবন ও কর্ম নিয়ে কথকতা
- ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন ও অনুপ সাদি: একজন প্রিয় বড় ভাইয়ের মূল্যায়ন
- শব্দের লাল হাতুড়ি পেটাচ্ছেন অনুপ সাদি: এক আপসহীন শব্দ শ্রমিকের মূল্যায়ন
- এক আলোর ফেরিওয়ালা অনুপ সাদি: সমাজ চিন্তায় তাঁর অবদান ও মূল্যায়ন
- অনুপ সাদি সবকিছু খুব খুঁটিয়ে দেখে
- অনুপ সাদির দুই দশক: সৃজনশীল কর্ম ও বুদ্ধিবৃত্তিক সংগ্রামের খতিয়ান
- আমাদের সাদি স্যার
- চিন্তক অনুপ সাদি: সমাজ বিশ্লেষণ ও মানুষের লড়াইয়ে এক অবরুদ্ধ সময়ের কবি
- অন্তর্দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তিত্ব
- সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞানে অনুপ সাদির বিচরণ: একটি তাত্ত্বিক বিশ্লেষণ
- সমাজ বিপ্লব ও প্রগতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর অনুপ সাদি
- সুবিধাবাদমুক্ত দ্রোহের শিল্প ও গণমানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা: উন্মাদনামা
- বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ বই দুই বাংলার লেখকদের বিভিন্ন রচনার সংকলন
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: প্রান্তিক পর্যায়ে মুক্তজ্ঞানের প্রসার
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- রাষ্ট্রীয় ও সামাজিক বুননের বিদ্রুপ কবিতাগ্রন্থ ‘উন্মাদনামা’
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- অনুপ সাদির সম্মেলনপঞ্জি হচ্ছে বিভিন্ন সম্মেলনে উপস্থিতি ও প্রবন্ধ উপস্থাপন
- বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে অনুপ সাদি সম্পাদিত গণতন্ত্র বিষয়ক গ্রন্থ
- অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা
বিশেষ দ্রষ্টব্য: প্রবন্ধটির রচনাকাল ২২ মে থেকে ০২ জুন ২০২৬, এস. আরস. লজ, ৪ নং, আকুয়া জুবিলী কোয়ার্টার, ময়মনসিংহ।

আরাফাত রিলকে বাংলাদেশের কবি ও প্রাবন্ধিক। তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বড় হয়েছেন।