অনুপ সাদির কবিতায় দ্রোহ, স্বদেশ ও বিশ্বমানবের জয়গান

কবি যখন কবিতা রচনায় প্রবৃত্ত হন, তাঁর কবিসত্তার ভিত্তিভূমি হিসেবে কাজ করে আবেগ বা ভাব। কবি তাঁর ভাবনাগুলোকে শিল্পসম্মত রূপ দিতে শব্দের পর শব্দ সাজিয়ে মূর্ত করে তোলার নিরন্তর প্রচেষ্টা চালান। তবে এই প্রক্রিয়ায় তাঁর ভাবনাগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করে সমকালীন সমাজকাঠামো, রাজনীতি, শ্রেণিচেতনা ও ব্যক্তিজীবনে লালিত আদর্শ। অনুপ সাদিও এর বাইরে নন। তাঁর কবিতায় বিধৃত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা সমাজজীবননিষ্ঠ হয়ে উঠেছে।  ত্রুটিযুক্ত সমাজব্যবস্থা, অসংগতিপূর্ণ রাষ্ট্রপদ্ধতি, বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, গণবিরোধী বিদ্যমান আইন—সমকালীন এ বিষয়গুলো তাঁর পরিশুদ্ধ মননের মর্মমূল থেকে উৎসারিত কবিতায় প্রতিবাদমুখরতায় সরব হয়ে ওঠে।

অনুপ সাদির প্রথম কাব্যগ্রন্থ ‘পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি’ প্রকাশিত হয় ২০০৪ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘উন্মাদনামা’, ‘মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা’, ‘বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান’ ও ‘আমার হৃদয় কোনো দেয়াল মানে না’ কাব্যগ্রন্থগুলো।

প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং পরিপার্শ্ববোধের মধ্য দিয়ে অনুপ সাদির চেতনালোকে সর্বদা সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক সচেতনতার স্ফূরণ ঘটেছে। তিনি তাঁর চারপাশের বাস্তবতাকে কেবল গভীরভাবে পর্যবেক্ষণই করেননি, বরং সেই অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে নিজের চেতনার অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। ফলে তাঁর চিন্তার জগতে সমাজ ও রাজনীতি এক অনন্য মাত্রায় ধরা দিয়েছে।

অন্যদিকে, মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হওয়া সমাজব্যবস্থা এবং রাষ্ট্রের স্বতঃসিদ্ধ নিপীড়ন তাঁর মনস্তত্ত্বে গভীর প্রভাব ফেলেছে। এই বৈরী সমাজযাপনের বিপরীতে তাঁর মধ্যে যেমন বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি ক্ষেত্রবিশেষে জন্ম নিয়েছে এক স্বতঃস্ফূর্ত দ্রোহ। অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদী চেতনা তাঁকে প্রতিনিয়ত সমাজ পরিবর্তনের স্বপ্নে উদ্বুদ্ধ করে। নমুনাস্বরূপ নিচের পংক্তিগুলো উদ্ধৃত করা যায়—

“আমরা আসছি সমস্ত রাষ্ট্রীয় গোলামি খেদিয়ে
আমরা রক্ষা করবো আমার শ্রমিক আর কৃষক,
বাঁচাবো আমার সোঁদা মাটির গন্ধ,
তুমিই আমার ঝলসিত প্রেমের গন্তব্য,
আমরা পৌঁছাবই তোমার মুক্তির বন্দরে”
(কিছু রক্ত এখনো বিদ্রোহী; উন্মাদনামা)

“আমার রক্তে শুধু অগ্নিস্রোতের লাভা
আমাদের রক্তে শুধু লাভার অগ্নিস্রোত”
(পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি; পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি)

দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির নিগূঢ় বাস্তবতাকে কবি খুব সাবলিলভাবেই উন্মোচিত করেন কবিতায়। সাম্রাজ্যবাদের কালো ছোবল, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, সাধারণ মানুষের প্রতি ভেলকিবাজি, মার্কিন সাম্রাজ্যবাদ ও ইউরোপীয় অর্থনৈতিক আগ্রাসনকে বাহবা দিয়ে যারা বাঙালি জাতিকে নতুন নেতৃত্ব দেবে বলে প্রতিশ্রুতি দিল, তারা আসলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধ অনুকরণ ও অনুসরণে মেতে থাকলো। ফলে সাধারণ মানুষের ভাগ্যে যা হবার তাই চালু থাকলো। অথচ সহজ সরল এ জনতা যেভাবে ব্রিটিশদের স্বার্থে ব্যবহৃত হয়ে আসছিল, এবার নতুন উদ্যমে নতুন করে ব্যবহৃত হতে থাকলো স্বদেশীয় ও স্বজাতীয় দালালচক্রের হাতে। চামচাগিরি ও তোষামোদে মগ্ন দেশি দালালেরা দেশ ও জাতির মঙ্গলের চেয়ে ঐসব প্রভুদের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেননা ক্ষমতার কলকাঠি তো তাদের হাতেই। এসব রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় কবিকে অস্থির করে দেয়। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘উন্মাদনামা’-য় উল্লেখ করেছেন—

“ভুষি খেয়েই খুশি দেশি দালালেরা
তাদের মাঝে ইয়েস বস, জ্বি বস, জ্বি স্যার, জ্বি হুজুর ”
(গর্ততত্ত্ব ও সংগ্রাম; উন্মাদনামা)

অনুপ সাদির কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিবাদের বহুমুখী ভাষা। তিনি প্রথাগত ছক ভেঙে কখনো প্রচণ্ড ব্যঙ্গাত্মক, আবার কখনো উন্মাদের মতো আপাত-অসংলগ্ন ভাষায় সমকালীন সামাজিক ও রাজনৈতিক অসংগতিকে তুলে ধরেন। তাঁর এই ‘অসংগতি’ আসলে সুশৃঙ্খল অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের শৈল্পিক বিদ্রোহ। গণবিরোধী শক্তি কিংবা শোষক শ্রেণির প্রতি তাঁর ক্ষোভ কেবল মৃদু প্রতিবাদে সীমাবদ্ধ থাকে না; বরং তিনি কবিতায় সরাসরি আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাঁর শব্দচয়নে ফুটে ওঠে তীব্র বিদ্রুপ আর শ্লেষ, যা পাঠককে প্রচলিত ব্যবস্থার অসারতা নিয়ে ভাবতে বাধ্য করে।

গণবিরোধীদের প্রতি অনুপ সাদির ঘৃণা ও অবজ্ঞা এতটাই প্রবল যে, তিনি কবিতায় তাঁদের গালি দিতে বা বিদ্রুপ করতে দ্বিধা করেন না। এক্ষেত্রে তাঁর ‘উন্মাদনামা’ কাব্যগ্রন্থটি একটি অনন্য উদাহরণ হিসেবে গণ্য করা যায়। এই কাব্যে কবি সচেতনভাবেই উন্মাদের বেশ ধারণ করেন, যেন উন্মাদনার ছলে সমাজের তথাকথিত ভদ্রলোকদের মুখোশ খুলে দেওয়া যায়। তিনি হাসেন, বিদ্রুপ করেন এবং চরম সত্যকে কদর্যভাবে উপস্থাপন করেন যাতে শোষকের দম্ভ চূর্ণ হয়। তাঁর এই প্রতিবাদের ভাষা সাধারণ মানুষের মনের অবদমিত ক্ষোভেরই এক সাহসী বহিঃপ্রকাশ। যেমন নিচের পঙক্তিগুলো—

“তারা একদা মানুষ ছিল আর এখন শ্রমিক
তারা ভাতের থালাকে মাথার বালিশ বানিয়ে ঘুমায়
… … …
পাবলিক চেঁচাচ্ছে ভন্ডবাবা জিন্দাবাদ মারহাবা জিন্দাবাদ,
ওই গাঁ হতেই নেহেরু নির্দেশ দিলো নেতাজিকে মেরে ফেলবার
ওই গাঁয়েই মুজিব হেঁটেছেন প্রথমে ডানদিকে পরে বামদিকে
এবং শেষে উষ্টা খেয়ে পড়ে গেছেন রাস্তায়
ধীরে ধীরে বছরে বছরে তাজউদ্দীন আর জনগণ
আর সিরাজ সিকদার আর তাহেরদের বিপদ বাড়লো আর
আয়োডিন অভাবি মঙ্গার মানুষেরা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো
যেনো প্রাচীনকালের পাথুরে মূর্তি সব, ঠোঁট নাড়ায় আর বলে
হে সাম্রাজ্যপতি, হে শাহেন শাহের বংশধরগণ
কার্তিক মাসে কিছু উচ্ছিষ্টের ব্যবস্থা কর আমাদের জন্য,
হামরা বাঁচি থাকবার চাই।”
(গর্ততত্ত্ব ও সংগ্রাম; উন্মাদনামা)

কবির জন্ম স্বাধীন বাংলাদেশে হলেও তাঁর চোখ মেলতেই দেখা হয়েছে এক ক্ষুব্ধ স্বদেশভূমি। যে স্বাধীনতার স্বপ্ন নিয়ে এদেশের মানুষ লড়াই করেছিল, সমকালীন রাজনৈতিক ভণ্ডামি, অর্থনৈতিক আগ্রাসন আর সামরিক শাসকদের সীমাহীন নষ্টামি সেই স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। চারদিকে যখন ক্ষুধাতুর মানুষের হাহাকার আর হৃতসর্বস্ব জনতার দীর্ঘশ্বাস, তখন কবির পক্ষে সম্ভব ছিল না কেবল সুন্দরের আরাধনা বা নিছক রোমান্টিকতায় মগ্ন থাকা। স্বাধীনতার এই অপূর্ণতা এবং প্রাপ্তি ও প্রত্যাশার দুস্তর ব্যবধান তাঁর চেতনার জগতকে করে তুলেছে অশান্ত ও বিদ্রোহী। ফলে সুন্দরের ধ্যানের পরিবর্তে তাঁর কলম হয়ে উঠেছে শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক শক্তিশালী হাতিয়ার।

দারিদ্র্য, অশিক্ষা আর নির্মম অত্যাচারে নিষ্পেষিত জনতার ভাগ্য পরিবর্তনে কবি তাঁর কবিতাকে করেছেন রণতূর্য। তিনি বিশ্বাস করেন, যারা অন্ন, বস্ত্র ও কাজ চায়—অর্থাৎ যারা স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে চায়—তাদের মুক্তির পথ কেবল নিছক দাবিতে সীমাবদ্ধ নেই। শোষকের হাত থেকে অধিকার ছিনিয়ে নিতে হলে জনতাকে আবারও অস্ত্র হাতে তুলে নিতে হবে, হতে হবে অকুতোভয় গেরিলা। শ্রমিক শ্রেণির রক্তস্রোতের সঙ্গে একাত্ম হয়ে কবি ঘোষণা করেন যে, এ পৃথিবী মুষ্টিমেয় কিছু দুর্বৃত্তের ভোগের বস্তু হতে পারে না। পুরো জাতির ভাগ্য কেন কিছু অসাধু মানুষের হাতে জিম্মি থাকবে—এই মৌলিক প্রশ্ন তুলে তিনি গণমানুষকে নতুন এক লড়াইয়ের পথে উদ্বুদ্ধ করেন। তাই গেরিলাদের চোখে ভাসে—

“মায়ের শুকনো করুণ মুখ
তাঁর কিশোরি জীবনে নগরীর ফুটপাত,
বস্তির খুপড়ি ঘর, অন্যের ফাই ফরমাশ
বাবার কাশির ওষুধ, হঠাৎ আকাশ জুড়ে মেঘ,
হাতব্যাগ শূন্য, পলিথিনের মতো উড়ছে ঘৃণা,
প্রিয়তমা, ছেঁড়া জীবনের সূত্র পাওয়া সহজ নয়
রাষ্ট্রের প্রতিকূলে।”
(মুক্তি গেরিলা; পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি)

কবির এই দ্রোহ ও বিপ্লবের আহ্বান অত্যন্ত জোরালো হলেও বাস্তবতার রুক্ষ জমিনে তা প্রায়ই নিঃসঙ্গ। কবি যখন নতুন সুরে মুক্তির গান গান কিংবা শোষণের শৃঙ্খল ভাঙার ডাক দেন, তখন দেখা যায় তাঁর পাশে দাঁড়ানোর মতো সমমনা সঙ্গীর বড় অভাব। সমকালীন সমাজের জড়তা, ভয় আর ব্যক্তিকেন্দ্রিক চিন্তার দেয়ালে ধাক্কা খেয়ে কবির সেই বিপ্লবী সুর অনেক সময় প্রতিধ্বনি হয়ে তাঁর কাছেই ফিরে আসে। চারদিকের সুবিধাবাদী আর আপসকামী মানুষের ভিড়ে আদর্শবাদী এই কণ্ঠস্বর একাকী লড়াই করে যায়। —

“পথের মাঝখানে দাঁড়িয়েছি, ডেকেছি নতুন সুরে
সবটুকু উজাড় করে
পাইনি নতুন কোনো সঙ্গী পথিক
তারা সব সহজাত পথ খোঁজে অমরত্বে;
… … …
যদি ফের যোগ করি নিজেকে একাধিক জীবনের সাথে
পাবো না পথ পালানোর এই অন্ধকার গলিপথ হতে।”
(ফি বাৎসরিক ভুল ফল ও গণ্ডার; মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা)

কবি বা বিপ্লবী যখন কেবল নিজের আদর্শের বলয়ে আবদ্ধ থাকেন এবং সাধারণের যাপিত জীবনের সঙ্গে গভীর সংযোগ স্থাপনে ব্যর্থ হন, তখন তাঁর বিপ্লবের ডাক গগনবিদারী হলেও তা জনমানুষের হৃদয়ে পৌঁছায় না। তবুও এই একাকীত্ব কবিকে দমে যেতে দেয় না। তাঁর এই নিঃসঙ্গ লড়াইয়ের ভেতরেও এক অদম্য জেদ কাজ করে। তিনি জানেন, একাকী পথচলা কঠিন, কিন্তু আদর্শের মশালটি জ্বালিয়ে রাখার দায়ভার তাঁরই; তাই সহযাত্রীর অভাব সত্ত্বেও তিনি আশার তরী বেয়ে চলেন এক অলক্ষ্য গন্তব্যের পানে।

চারদিকের নিস্তব্ধতা আর সঙ্গীহীনতার মাঝেও কবির আশাবাদ এক চিলতে আলোর মতো জেগে থাকে। এই আশার প্রতিফলন তিনি খুঁজে পান তাঁর প্রিয়তমার মাঝে। তাঁর কাছে প্রিয়তমা কেবল একটি রক্ত-মাংসের শরীর নয়, বরং এক পবিত্র প্রতিমূর্তি—যার ভেতরে তিনি নিজের আজন্ম লালিত স্বপ্নের বাস্তবায়ন দেখতে পান। যে মুক্তির আনন্দ এবং শোষণমুক্ত পৃথিবীর স্বপ্ন তিনি আমজনতার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তা-ই যেন মূর্ত হয়ে ওঠে তাঁর ভালোবাসার মানুষটির অবয়বে। এই প্রিয়তমা তাঁর কাছে বিপ্লবের প্রেরণা, লড়াইয়ের জ্বালানি এবং আগামীর সেই সুন্দর পৃথিবীর প্রতীক, যা তাঁকে চরম প্রতিকূলতার মাঝেও হার না মানার সাহস জোগায়। —

“দূরে তবু খুব দূরে নয়, আছো কাছে তুমি
দাঁড়িয়েছ বৃত্ত ভাঙবার ভঙ্গিমায়…
ছড়িয়ে দিয়েছো গণসংগীত মুর্ছনা।”
(সেদিনের সন্ধ্যেটা; মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা)

সমকালীন প্রতিকূলতা আর হতাশার অন্ধকার যখন আলকাতরার মতো জমাট বেঁধে কবিকে চারপাশ থেকে ঘিরে ধরে, তখনো তিনি থমকে দাঁড়ান না। এই নিশ্ছিদ্র অন্ধকার আসলে ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থা এবং শোষণেরই প্রতিচ্ছবি। কবি তাঁর কাব্যিক সত্তা আর বিপ্লবী চেতনাকে হাতিয়ার করে সেই অভেদ্য আঁধার কেটে কেটে সামনের দিকে অগ্রসর হন। তাঁর এই পথচলা কেবল ব্যক্তিগত মুক্তি নয়, বরং এক রুদ্ধশ্বাস সময়ের বুক চিরে আলোর দিশা খোঁজার সংগ্রাম। যত বাধা আর নিঃসঙ্গতাই আসুক না কেন, অন্ধকারের অতলতা ভেদ করে এগিয়ে যাওয়ার এই অদম্য স্পৃহাই তাঁকে একজন প্রকৃত দ্রষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করে।

ঘোর অমানিশার শেষে কবি সম্মুখে দেখতে পান এক অভূতপূর্ব আলোর উদ্ভাস। সেই আলোকবর্তিকা রূপ নেয় এক স্বর্ণকেশী তরুণীর প্রতিমূর্তিতে, যার উপস্থিতি কবির কাছে নতুন এক দিগন্ত উন্মোচনকারী স্বপ্নের মতো। এই তরুণী আসলে আগামীর সেই মুক্ত ও সুন্দর পৃথিবীর প্রতীক, যেখানে শোষণ আর হাহাকারের কোনো স্থান নেই। তাঁর স্বর্ণালি চুলের আভা যেন সেই নতুন ভোরের পূর্বাভাস, যা অন্ধকারকে পরাজিত করে এক নতুন উজ্জ্বল বাস্তবতার জানান দেয়। এই স্বপ্নিল আলোর হাতছানিই কবিকে তাঁর নিঃসঙ্গ লড়াইয়ে সাহস জোগায় এবং তাঁকে বিশ্বাস করতে শেখায় যে, জমাট অন্ধকার চিরস্থায়ী নয়; বরং সোনালি ভোরের স্বপ্নটিই ধ্রুব সত্য।

“—আলকাতরার মতো জমাট অন্ধকার
কেটে কেটে কতোটা এগুচ্ছো?
—সামনে কাদের দেখতে পাচ্ছো?
—স্বর্ণকেশী তরুণীর স্বপ্নের মতো আলোর উজ্জ্বলতা।”
(চুম্বন ও স্বাধীনতা; মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা)

লড়াই আর সংগ্রামের বন্ধুর পথ পাড়ি দিতে দিতে একজন স্বাপ্নিক বিপ্লবী শেষ পর্যন্ত রূপান্তরিত হন এক স্বাপ্নিক কবিতে। যখন রাজপথের চিৎকার কিংবা সরাসরি সংঘাতের ভাষা থমকে দাঁড়ায়, তখন কবির কল্পনাশক্তিই হয়ে ওঠে তাঁর প্রধান হাতিয়ার। তিনি তখন কেবল ধ্বংসের বার্তা দেন না, বরং ধ্বংসস্তূপের ওপর নতুন পৃথিবী গড়ার স্বপ্ন ফেরি করে বেড়ান। মানুষের মনের গহীনে মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে তিনি এক ‘স্বপ্নের ফেরিওয়ালা’র ভূমিকা নেন। তাঁর কবিতার পঙ্ক্তিগুলো হয়ে ওঠে সেই অমূল্য পণ্য, যা তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন—বিনিময়ে চান কেবল শৃঙ্খলমুক্তির সংকল্প।

কখনো বা এই কবি হয়ে ওঠেন এক মায়াবী ‘বাঁশিওয়ালা’, যার সুরের মূর্ছনা সাধারণ মানুষকে মোহগ্রস্ত করে এক অজানা কিন্তু সুন্দর গন্তব্যের দিকে টেনে নিয়ে যায়। এই সুর যেমন একদিকে বিষণ্ণ ও বিরহী, অন্যদিকে তা এক অপরাজেয় শক্তির উৎস। জাদুকরী সেই বাঁশির সুরে তিনি স্থবির সমাজকে নাড়া দেন, ঘুমন্ত জনতাকে জাগিয়ে তোলেন নতুনের আবাহনে। তিনি জানেন, বিপ্লব কেবল অস্ত্রের ঝনঝনানি নয়, বরং হৃদয়ের গহীনে এক গভীর সুরের অনুরণনও বটে। এভাবেই একজন বিপ্লবী কবি তাঁর স্বপ্ন ও সুরের জাদুতে মুক্তির এক মহাকাব্য রচনা করেন।

“আমি বাঁজাই বাঁশি
মনের আনন্দে নয়
মনহরিণির মন হরণ করার জন্যও নয়,
আমি বাঁশি বেচি,”
(বাঁশিঅলা; মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা)

কবি যখন তাঁর প্রণয়ীর সাথে মিলনের মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় থাকেন, তখনও তাঁর চেতনা জুড়ে থাকে এক নতুন পৃথিবীর রূপরেখা। এই প্রেম কেবল ব্যক্তিগত সুখ-দুঃখের আবর্তে সীমাবদ্ধ নয়, বরং তা এক বৃহত্তর সামাজিক অঙ্গীকারের অংশ। প্রণয়ীর চোখের দিকে তাকিয়ে তিনি সেই আগামীর স্বপ্ন দেখান, যেখানে প্রতিটি শ্রমজীবী মানুষের গায়ের ঘাম আর ধূলিকণা মিলেমিশে এক নতুন ইতিহাস রচনা করবে। সেই পৃথিবীতে শ্রম হবে সম্মানের এবং সমাজ হবে শোষণমুক্ত। কবির কাছে মিলন মানেই কেবল দুই হৃদয়ের এক হওয়া নয়, বরং দুই আত্মার সম্মিলিত শক্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ার শপথ নেওয়া।

বিপ্লবী কবির কাছে তাঁর প্রণয়ী কোনো বিচ্ছিন্ন বা অলীক সত্তা নন, বরং যাপিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ও সংগ্রামের সহযোদ্ধা। তিনি জানেন, একাকী পথচলা যতোটা সাহসের, প্রিয়জনকে সাথে নিয়ে চলা তার চেয়েও বেশি অনুপ্রেরণার। তাই তিনি তাঁর প্রণয়ীকে সঙ্গী করেই পাড়ি দিতে চান আগামীর সমস্ত বন্ধুর পথ। এই যাত্রায় প্রণয়ী কেবল প্রেমের পাত্রী নন, বরং বিপ্লবের অগ্নিশিখা। শ্রমঘন মানুষের ঘাম যেখানে ধূলির আখরে নতুন মুক্তির কথা লেখে, সেই মহান কর্মযজ্ঞে কবি তাঁর ভালোবাসাকে সাথে নিয়ে মিশে যেতে চান জনস্রোতে; কারণ তাঁর কাছে প্রেম এবং বিপ্লব একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

“সেই সব কান্না জড়ানো রাত পেরিয়ে আজ তোমার আমার ঠোঁটের উদ্দাম শ্লোগান
আজ চাঁদনি রাতে ফুলবাগানে মিলিত হতে চলেছি নিজেদের আলোয়
পৃথিবী মোমের মতো গলে গলে তোমার ঠোঁট আমার ঠোঁট ছুলে
নতুন শালিক ও টিয়াপাখির কথা বলতে শুরু করবে নতুন পৃথিবী
শ্রমঘন মানুষের ঘাম ধূলি হতে তৈরি হবে আমাদের নতুন কবিতা;”
(মিলন প্রতিক্ষায় লেখা কবিতা; বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান)

প্রণয়ীর আহ্বানে কবি মিলনপ্রতীক্ষায় থাকলেও তিনি কখনোই তাঁর শেকড় থেকে বিচ্যুত নন। তাঁর প্রেম যেমন গভীর, স্বদেশের মাটির প্রতি টানও তেমনই আমূল। কবির বিপ্লবী ও স্বাপ্নিক সত্তার মর্মমূলে গভীরভাবে প্রোথিত রয়েছে তাঁর হারানো শৈশব, উদ্দাম যৌবন এবং এই লড়াকু স্বদেশ ও সমাজ। তিনি এমন এক মানুষ, যাঁর হৃদস্পন্দন ধ্বনিত হয় জনপদ ও লোকালয়ের ধুলোবালির সাথে। ফলে ব্যক্তিকেন্দ্রিক প্রণয় তাঁকে সংসারবিবাগী বা সমাজবিচ্ছিন্ন করতে পারে না; বরং তাঁর ভালোবাসার উৎসভূমি এই দেশ ও দেশের মানুষ। শৈশব থেকে অর্জিত অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতাই তাঁর কবিসত্তাকে দিয়েছে এক দৃঢ় ও অটল ভিত্তি।

স্বদেশ ও সমাজের আমূল পরিবর্তনের যে বৈপ্লবিক লক্ষ্য কবি স্থির করেছেন, তা থেকে বিচ্যুত করার মতো শক্তি কোনো জাগতিক প্রলোভন বা ব্যক্তিস্বার্থের নেই। তাঁর কাছে প্রেম মানে পলায়ন নয়, বরং সম্মুখপানে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। কবির এই অটল সংকল্প তাঁকে সমাজের অন্য দশজন সুযোগসন্ধানী মানুষের থেকে আলাদা করে রাখে। মিলন আর প্রণয়ের মধুর আবেশও তাঁর বিপ্লবী চেতনাকে আচ্ছন্ন করতে পারে না, বরং তিনি তাঁর লক্ষ্য অর্জনে আরও বেশি অবিচল হয়ে ওঠেন। নিজ জাতির ভাগ্য বিড়ম্বনার ইতিহাস মোচনের যে ব্রত তিনি নিয়েছেন, জীবনের যেকোনো ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে তা তাঁর কাছে অনেক বেশি পবিত্র ও মহত্তর।

“তোমাকে ডেকেছি আমি বৃষ্টির কোমল আঙিনায়
উষ্ণ হাত দিতে পারি এই নাও আমার শৈশব
উষ্ণ বুক দিতে পারি এই নাও আমার যৌবন
খোলা মাঠ দিতে পারি এই নাও আমার স্বদেশ”
(বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান, ঐ)

কবির ধ্যানে ও জ্ঞানে এক গভীর প্রত্যয় জেগে ওঠে—নিপীড়িত মানুষের দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি আর বেশি দূরে নেই। এই বিশ্বাস থেকেই স্বাপ্নিক কবি সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নকে দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে দিতে চান। তাঁর কাছে সমাজতন্ত্র কেবল একটি রাজনৈতিক তত্ত্ব নয়, বরং ক্ষুধা, দারিদ্র্য আর বৈষম্য থেকে মানবমুক্তির একমাত্র ধ্রুব পথ। কবির প্রতিটি শব্দ ও পঙ্ক্তি যেন সেই শোষণহীন সমাজের ইশতেহার, যা মেহনতি মানুষের ললাট থেকে অপমানের কলঙ্ক মুছে দেবে। তিনি বিশ্বাস করেন, আগামীর সূর্যোদয় হবে এমন এক সমাজে, যেখানে মানুষের পরিচয় হবে তাঁর শ্রম আর মানবতায়, কোনো শ্রেণি বিভাজনে নয়।

একটি প্রকৃত সমাজবাদী রাষ্ট্র কায়েম করা কোনো একক ব্যক্তির লড়াই নয়, বরং এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সামষ্টিক প্রচেষ্টা। কবি জানেন, বিচ্ছিন্ন বিদ্রোহ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলনই পারে জরাজীর্ণ সমাজব্যবস্থাকে আমূল বদলে দিতে। তাই তিনি বারবার মজদুর ও সাধারণ জনতাকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান। এই সামষ্টিক জাগরণই হবে সেই শক্তির উৎস, যা পুঁজিবাদের শক্ত দেয়াল ভেঙে সাম্যের ভিত গড়ে তুলবে। কবির এই স্বপ্ন ও আহ্বান শেষ পর্যন্ত এক জনযুদ্ধের ডাক হয়ে ওঠে, যার চূড়ান্ত লক্ষ্য হলো একটি শোষণমুক্ত, শ্রেণিহীন ও মানবিক সমাজবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

“নিপীড়িত মানুষেরা মুক্ত হতে চলেছে
তোমার স্বপ্নকে চুমু খেতে দাও,
আমি তোমার বারান্দায় জীবনের মেলা বসাবো
তোমাকে নেবো সমাজবাদের মানচিত্রে।
… … …
আমাদের বাগানের বৃক্ষগুলো গোটা দেশ জয় করতে চলেছে।”
(ভালোবাসার নকশি কাঁথা; বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান)

শোষিত সমাজের সাধারণ মানুষেরা এক দীর্ঘস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকতে থাকতে নিজেদের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে বিস্মৃত হয়ে পড়েছে। তারা বুঝতে পারে না যে, তাদের সম্মিলিত শ্রম আর সংকল্পই আসলে সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। নিজেদের এই অমিত ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল নয় বলেই তারা যুগের পর যুগ ধরে সকল অন্যায়, অবিচার আর সামাজিক অসাম্যকে নিয়তি হিসেবে মুখ বুজে মেনে নেয়। শোষক গোষ্ঠী এই অজ্ঞতা ও নির্লিপ্ততাকে কাজে লাগিয়ে তাদের শাসন কায়েম রাখে। কিন্তু কবি বিশ্বাস করেন, এই নীরবতা চিরস্থায়ী নয়; এটি আসলে এক সুপ্ত আগ্নেয়গিরির মতো, যা কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় রয়েছে।

জড়তাগ্রস্ত এই জনতা যখনই একবার মুক্তির প্রকৃত আলোকরশ্মির দেখা পাবে, তখনই তারা আমূল বদলে যাবে। সেই আলোর ছোঁয়ায় তারা হয়ে উঠবে অমিত সম্ভাবনাময়ী এক অপরাজেয় শক্তি। শোষণের অন্ধকার ভেদ করে যখন আত্মোপলব্ধির সেই জাগরণ ঘটবে, তখন আর কোনো অপশক্তিই তাদের দাবিয়ে রাখতে পারবে না। কবির চোখে, এই গণজাগরণই হলো নতুন সূর্যোদয়ের পূর্বশর্ত। যেদিন নিপীড়িত মানুষ নিজের সামর্থ্য চিনতে পারবে, সেদিনই জরাজীর্ণ এই সমাজব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে এবং উদিত হবে সাম্য ও স্বাধীনতার এক নতুন উজ্জ্বল রবি।

“এই অসম সমাজ দূর হলে তুমি চিনবে নিজের গভীর শক্তিকে
এই অসময়ের দিনগুলো শেষ হলে তুমি চিনবে তোমার আমাকে
… … …
সে সময় হেঁটে হেঁটে পৌঁছাবো তোমাদের রঙ মাখা স্নিগ্ধ দরজায়
সে সকালে সূর্য উঠবে আমাদের সাম্যের স্নিগ্ধ পাহাড় চূড়ায়”
(আমার হৃদয় কোনো দেয়াল মানে না, ঐ)

অনুপ সাদির কাব্যভুবন বিশ্লেষণ করলে সেখানে এক বিরল বহুমাত্রিকতার প্রকাশ লক্ষ্য করা যায়, যা তাঁর সৃষ্টিকে সমকালীন অন্য কবিদের চেয়ে এক অনন্য স্বকীয়তা দান করেছে। তিনি কেবল নিছক শব্দশৈলী নিয়ে মগ্ন থাকেননি, বরং তাঁর কবিতায় সময়কে ধারণ করেছেন অত্যন্ত তীব্র ও নিপুণভাবে। ইতিহাসের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে সমকালীন রাজনীতির বিচিত্র বাঁক—বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ছোট-বড় ঘটনাবলি তাঁর লেখনীতে বারে বারে উঠে এসেছে। এই বহুমাত্রিকতা তাঁর কবিতাকে কেবল একটি নির্দিষ্ট আদর্শের গণ্ডিতে আটকে না রেখে সমাজ ও জীবনের এক জীবন্ত দলিলে পরিণত করেছে।

রাজনৈতিক প্রক্ষোভ, শোষণের বিরুদ্ধে তীব্র বিদ্রুপ আর বিপ্লবের ডাক থাকলেও অনুপ সাদির কবিতার মূল সুরটি শেষ পর্যন্ত দেশপ্রেমের মোহনায় গিয়ে মিলেছে। নানা ঘাত-প্রতিঘাত এবং আদর্শিক লড়াইয়ের পথ পাড়ি দিয়ে কবির পরম আস্থা বিরামহীনভাবে টিকে থাকে তাঁর এই স্বদেশের মাটির ওপর। তাঁর কবিতায় যে ক্ষোভ বা গালি উচ্চারিত হয়, তার মূলে রয়েছে দেশের প্রতি এক গভীর ও অকৃত্রিম ভালোবাসা। সবশেষে দেশপ্রেমই হয়ে ওঠে তাঁর আশ্রয়, যা তাঁকে বারবার স্বদেশের ধুলোবালি ও মানুষের কাছে ফিরিয়ে আনে। এই দেশপ্রেমই তাঁর সকল বৈপ্লবিক চেতনার জ্বালানি এবং সুন্দর আগামীর স্বপ্ন দেখার একমাত্র ভিত্তি।

“হায় দেশপ্রেম, তোমার সোনালী ডানাতে এখন স্বর্ণ প্রলেপ
তুমি উৎপাদনে গর্বী শস্য শ্যামলে স্বাধীন অমর বাংলা
এ দুনিয়ার মাঝখানে তুমি টিকে আছো শির উঁচু রেখে
হেলে পড়োনি ঝড়ে দুমড়িয়ে মুচড়িয়ে যাওনি শীতে
তোমার হৃদয়ের আলো জ্বেলে আমাদের ক্রম মুক্তি হবে।”
(পিতৃভূমি, তোমার হৃদয়ের আলো জ্বেলে আমাদের ক্রম মুক্তি হবে; আমার হৃদয় কোনো দেয়াল মানে না)

অনুপ সাদির কাব্যচেতনায় রাষ্ট্র, রাজনীতি এবং প্রচলিত রাষ্ট্রব্যবস্থার প্রতি এক তীব্র অনাস্থা ও ক্ষোভ অত্যন্ত জোরেশোরে উচ্চারিত হয়েছে। তবে তাঁর এই দৃষ্টি কেবল স্বদেশের মানচিত্রেই সীমাবদ্ধ থাকেনি। তিনি যখন কঙ্গোর জাতিগত হানাহানি, গুয়ানতানামো বে কিংবা আবু গারিব কারাগারের নির্মমতা অথবা যুদ্ধবিধ্বস্ত ইরাকের হাহাকার নিয়ে শব্দ বুনন করেন, তখন বোঝা যায় তাঁর চেতনার আকাশ কতটা বিস্তৃত। তিনি মূলত স্বদেশের মাটিতে দাঁড়িয়েই বিশ্বকে অবলোকন করেছেন; বিশ্বের যেকোনো প্রান্তে মানবতার লাঞ্ছনা তাঁকে ব্যথিত করে। এই বৈশ্বিক উৎকণ্ঠা তাঁর কবিতাকে সংকীর্ণ জাতীয়তাবাদের ঊর্ধ্বে তুলে এক সর্বজনীন মানবিক মাত্রায় উন্নীত করেছে।

কবির এই দ্রোহী সত্তার পাশাপাশি তাঁর কবিতায় মাঝে মাঝেই ফুটে ওঠে প্রখর বাস্তবতার বুক চিরে জেগে ওঠা স্নিগ্ধ রোমান্টিকতা। এই রোমান্টিকতা কোনো পলায়নবৃত্তি নয়, বরং এক আলোকোজ্জ্বল প্রভাতের স্বপ্ন দেখা—যেখানে সকল মানুষ মুক্তির স্বাদ পাবে। তিনি যখন গণমানুষকে মুক্তির মিছিলে আহ্বান জানান, তখন সেই কঠোর আহ্বানের পরতে পরতে মিশে থাকে এক নান্দনিক স্বপ্নালুতা। সমাজ ও রাজনীতির রুক্ষ বাস্তবের মাঝে এই রোমান্টিক সুরের আবহ তাঁর কবিতাকে এক অনন্য ও স্বকীয় মাত্রা দান করেছে। এভাবেই তিনি এক হাতে সংগ্রামের তূর্য আর অন্য হাতে আগামীর সুন্দর পৃথিবীর মানচিত্র নিয়ে হয়ে উঠেছেন এক পূর্ণাঙ্গ ও বহুমাত্রিক কবি।

আরো পড়ুন

রচনাকাল: ফেব্রুয়ারি ২০২৬, দিনাজপুর।

Leave a Comment

error: Content is protected !!