নেত্রকোনায় অনুষ্ঠিত উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের প্রতিবেদন

আমি বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় সম্পাদক হিসেবে ২০১৬ সালের ২৩ জুলাই থেকে সম্পদনা শুরু করি। কৌতুহলবশত একাউন্ট তৈরি করি ও সম্পাদনা করি। বিভিন্ন ধরণের সাহিত্যিকদের নামের নিবন্ধগুলো আমি সম্পাদনা করতাম। নতুন কোন তথ্য যুক্ত করার পরে সেটা দেখে আমার ভালো লাগতো। প্রথম সাত দিনেই আমার কাছে উইকিতে নিবন্ধ সম্প্রসারণের কাজটি ভালো লাগে। এক্ষেত্রে নানা প্রকার ভুল হতো। অন্য উইকিপিডিয়ানরা বিভিন্নভাবে ভুলগুলো সংশোধন করে দিয়েছিলেন; এখনো দিয়ে থাকেন; এবং এভাবেই আমি ধীরে ধীরে সঠিকের দিকে এগিয়ে যেতে থাকি।

বাংলা উইকিপিডিয়ায় পরিবেশ, প্রকৃতি, প্রত্নতাত্ত্বিক স্থান, নারীদের জীবনী ইত্যাদি বিষয়ের উপর লেখা ও সম্প্রসারণ করা ক্ষেত্রে আমার আগ্রহ বেশি। বর্তমান বাংলা উইকিপিডিয়ায় আমি ৪০০টির বেশি নিবন্ধ তৈরি করেছি।  এর মধ্যে বাংলাদেশের স্বাদুপানির মাছের মোট ২৫৩টি প্রজাতির নামে নিবন্ধ তৈরি ও সম্প্রসারণ করেছি। নিরলস শ্রম দিয়ে যাওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে থেকে এই কাজ আমাকে আনন্দ দেয়। বাংলা উইকিপিডিয়া আমাকে সৃজনশীল চিন্তা করতে সহযোগিতা করেছে। বলা যেতে পারে আমার জন্য এটি একটি স্বাধীন কাজের জায়গা, এখানে নিজের পছন্দগুলোকে অন্যের সাথে ভাগ করে নেওয়া যায়।

গত ২০ জুন, ২০১৯ সালে আমি ভারতের বেঙ্গালুরুতে ‘উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯’ অংশ গ্রহণ করি। এটি ছিলো আমার জন্য নতুন কাজ করার অনুপ্রেরণা। এই সম্মেলনে উপস্থিত থেকেই আমি প্রথম জানতে পারি ‘উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম’ সম্পর্কে। আমার কাছে বিষয়টা নতুন ছিলো। এই সম্মেলন থেকে আমি যতটুকু অবগত হয়েছি তাহলো- ‘শিক্ষক এবং শিক্ষার্থীরা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পগুলিতে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে কেন্দ্র করে অবদান রাখতে পারেন’। তাই এই প্রকল্প নিয়ে কাজ করতে আমি অগ্রহী হই। যদিও জানার ঘাটতি ছিলো অনেক, তবে ধীরে ধীরে কাজের মাধ্যমে জানতে পারবো সেটাই আশা করেছিলাম।

গত ৩ সেপ্টেম্বর ২০১৯ নেত্রকোনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগে দুপুর ১২:৩০ মিনিটে “উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম”-এর উপর সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা যুক্ত ছিলেন। অনুপ সাদি ও আমি একটি প্রেজেন্টেশন দেখিয়েছিলাম। এই কর্মশালার পরে বেশ কয়েকজন আগ্রহী শিক্ষার্থীর সাথে যোগাযোগ করি।  পরবর্তিতে দুটি আড্ডা আয়োজন করি। উপস্থিত শিক্ষার্থীদের জানার আগ্রহ থেকে আমরা বেশ কিছু কাজের পরিকল্পনাও করি।

নতুন কিছু করতে গেলে সফল হওয়ার সম্ভবনা খুবই কম। তেমনটাই এক্ষেত্রেও হয়েছে। আড্ডার জন্য একত্রিত হওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করা, নিবন্ধের ভুল সংশোধন বা সম্প্রসারণ করার জন্য আগ্রহী ব্যক্তি পাওয়া কঠিন। এছাড়া আছে ইন্টারনেট সংযোগ ক্রুটি, ব্রাউজার সম্পর্কে জানার কমতি, স্মার্টফোনে উইকিপিডিয়ার ব্যবহার কীভাবে করতে ইত্যাদি নিয়ে একপ্রকার জটিলতা। পরবর্তীতে কোভিড-১৯ সংক্রমণের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় মোটামুটি সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশের স্বাভাবিক অবস্থা ফিরে না এলে এই ধরণের কার্যক্রম চালানো কঠিন।

‘উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম’-এর মূল লক্ষ্য এমন একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সবাই নির্দ্বিধায় ও সহজে নিজেদের জ্ঞান বিনিময় করতে পারবে। এই মহৎ উদ্দেশ্যটি আমাকে প্রকল্পটির প্রতি দারুণভাবে আশাবাদী করেছিল; ভেবেছিলাম শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত থাকায় কাজটি আমার জন্য সহজ হবে। কিন্তু বাস্তবে আমার সেই ধারণা কিছুটা ভুল প্রমাণিত হয়েছে। পাঠ্যবই পড়ে পরীক্ষা দেওয়া আর সেই শিক্ষার সাথে সম্পৃক্ত থেকে সৃজনশীল কিছু সৃষ্টি করা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। মূলত ‘উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯’-এর আগে এই প্রকল্প সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না।

বাংলাদেশে এই কার্যক্রমটি একদম নতুন হওয়ায় কাজ করতে গিয়ে আমি বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়ি এবং কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। দুঃখজনকভাবে, অন্য উইকিপিডিয়ানদের কাছ থেকেও তেমন কোনো সহযোগিতা মেলেনি। ফলে যতটুকু চেষ্টা করেছি, তা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা ও সীমিত জানাশোনা থেকেই করতে হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ‘শিক্ষা কার্যক্রম’ নতুন একটি ধারণা হওয়ায় আমাদের আরও অনেক পড়াশোনা ও গবেষণার প্রয়োজন। তবে আমি এখনো অত্যন্ত আশাবাদী; আমাদের সম্মিলিত আলোচনা, সঠিক পরিকল্পনা, কার্যকর সমন্বয়, যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা নিশ্চয়ই এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারব।

আরো পড়ুন

🏛️ ময়মনসিংহের রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব
ব্রহ্মপুত্র তীরের এই জনপদের গৌরবময় ইতিহাস, রাজনৈতিক বিবর্তন এবং বরেণ্য ব্যক্তিদের জীবনগাথা নিয়ে আমাদের বিশেষ ২১টি আয়োজনের বিস্তারিত পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন।

👉 এখানে পড়ুন — ময়মনসিংহের মনন ও সংগ্রাম: রাজনীতি, সংস্কৃতি ও বরেণ্য ব্যক্তিত্ব 📖✨

তথ্যসূত্র ও টিকা:

১. মূল প্রকাশ: প্রতিবেদনটি প্রথম ফুলকিবাজ.কম-এ ১৪ জুন ২০২১ তারিখে প্রকাশিত হয়েছিল।
২. হালনাগাদ: আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মূল প্রতিবেদনটি সামান্য পরিমার্জন, সংস্কার ও উন্নত করা হয়েছে।
৩. আলোকচিত্র কৃতজ্ঞতা: নিবন্ধে ব্যবহৃত ছবির টাইটেল কার্ডের ছবিটি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে এবং এর মূল আলোকচিত্রী হলেন অনুপ সাদি (Anup Sadi)।

Leave a Comment