উৎপাদন সম্পর্ক পণ্যের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের প্রক্রিয়ায় যুক্ত মানুষের সম্পর্ক

উৎপাদন সম্পর্ক (জার্মান: Produktionsverhältnisse ইংরেজি: Relations of production) হচ্ছে একটি ধারণা যা কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস তাদের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব এবং পুঁজি গ্রন্থে প্রায়শই ব্যবহার করেছেন। এটি প্রথম স্পষ্টভাবে মার্কসের প্রকাশিত বই দর্শনের দারিদ্রে ব্যবহৃত হয়, যদিও মার্কস এবং এঙ্গেলস ইতিমধ্যেই জার্মান ভাবাদর্শতে এই শব্দটি সংজ্ঞায়িত করেছিলেন। উল্লেখ্য জার্মান ভাবাদর্শ ১৯৩২ সালে মরণোত্তর প্রকাশিত হয়েছিল।

“উৎপাদন সম্পর্ক” বলতে মার্কস এবং এঙ্গেলস বোঝাতে চেয়েছিলেন সামাজিক সম্পর্কের সমষ্টি যা মানুষকে বেঁচে থাকার, উৎপাদন করার এবং তাদের জীবনযাত্রার উপকরণ পুনরুৎপাদনের জন্য প্রবেশ করতে হয়। যেহেতু মানুষকে এই সামাজিক সম্পর্কের মধ্যে প্রবেশ করতে হয়, অর্থাৎ যেহেতু এতে অংশগ্রহণ স্বেচ্ছাসেবী নয়, তাই উৎপাদিকা শক্তির সাথে এই সম্পর্কের সামগ্রিকতা একটি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং স্থায়ী কাঠামো, “অর্থনৈতিক উপরিকাঠামো” বা উৎপাদন ব্যবস্থা গঠন করে।

মার্কস এবং এঙ্গেলস সাধারণত একটি নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্যগত আর্থ-সামাজিক সম্পর্ক বোঝাতে এই শব্দটি ব্যবহার করেন; উদাহরণস্বরূপ: একজন পুঁজিপতির সাথে মূলধনের সাথে একচেটিয়া সম্পর্ক, এবং অনুবর্তীতে একজন মজুরি শ্রমিকের সাথে পুঁজিপতির সম্পর্ক; একজন সামন্ত প্রভুর সাথে একটি জায়গিরের সম্পর্ক, এবং অনুবর্তীতে ভূমিদাসের সাথে প্রভুর সম্পর্ক; একজন প্রভুর সাথে তাদের দাসের সম্পর্ক; ইত্যাদি। মার্কসের ধারণা উৎপাদন সম্পর্কের সাথে উৎপাদন শক্তির সম্পর্ক বৈপরীত্যপূর্ণ এবং এর দ্বারা প্রভাবিতও হয়।[১]

উৎপাদন সম্পর্ক ধারণায় পণ্যের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের প্রক্রিয়ায় যুক্ত মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা বলা হয়ে থাকে। মার্কস যে সম্পর্কগুলির কথা উল্লেখ করেছেন তা সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, অথবা প্রযুক্তিগত সম্পর্ক হতে পারে। উৎপাদনী যন্ত্র বা মাধ্যমের মালিকানার প্রকৃতির উপর উৎপাদন সম্পর্ক নির্ভর করে।

উৎপাদনের গতিধারায় মানুষ ও শ্রেণীর মধ্যে যে নির্দিষ্ট সম্পর্ক গড়ে ওঠে, তাকে উৎপাদন-সম্পর্ক বলে (যেমন: শ্রমিক ও পুঁজিপতির সম্পর্ক)। প্রতিটি সমাজব্যবস্থা তার প্রধান উৎপাদন-সম্পর্ক দ্বারা চেনা যায়। উদাহরণস্বরূপ, স্তালিনকালীন সোভিয়েত ইউনিয়নের উৎপাদন-সম্পর্ক পুঁজিবাদী দেশগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। সমাজের উৎপাদন-সম্পর্ক কি দ্বারা নির্ধারিত হয়, কিসের উপর তা নির্ভর করে? মার্কস দেখিয়ে দিয়েছেন যে, সমাজের বস্তুগত উৎপাদিকা শক্তির বিকাশের স্তরের উপর উৎপাদন সম্পর্ক নির্ভর করে। বিকাশের বিভিন্ন স্তরে কোনো নির্দিষ্ট সমাজে বিভিন্ন মাত্রার উৎপাদিকা শক্তি পরিলক্ষিত হয়। বর্তমানে, জটিল যন্ত্রপাতির সাহায্যে বিরাট বিরাট কলকারখানা ও ফ্যাক্টরিতেই প্রধানত উৎপাদন-কর্ম সংঘটিত হয়। এমনকি যে কৃষি ক্ষেত্রে যুগ যুগ ধরে সুপ্রাচীন কাঠের লাঙ্গলের ছিল রাজত্ব, সেখানেও আরো বৃহত্তর পরিধিতে জটিল যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। কিন্তু অতীত কালে মানব-শ্রম ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। সে সময়ে আধুনিক জটিল যন্ত্রপাতির কথা এমনকি কল্পনাও করা যেত না। অতি প্রাচীন যুগে এক খণ্ড পাথর আর একটি লাঠিই ছিল মানুষের একমাত্র পরিচিত হাতিয়ার।

তারপর বহু হাজার-লাখ বছর পার হয়ে গিয়েছে। ধীরে ধীরে মানুষ আবিষ্কার করেছে নতুন থেকে নতুনতর শ্রমের পদ্ধতি, শিখেছে নতুন নতুন হাতিয়ার তৈরি করতে। হাতিয়ার আর যন্ত্রপাতি মানুষের সেবা ও সহায়তা করে। এগুলোর সাহায্যে মানুষের শ্রমশক্তি বিপুল পরিমেয় জিনিসপত্র উৎপাদন করে, যা পূর্বে কল্পনাও করা যেতো না। অবশ্য, উৎপাদন-যন্ত্রের পরিবর্তনের সাথে সাথে, নতুন যন্ত্রপাতি প্রবর্তনের সাথে সাথে মানুষের খোদ শ্রমেরই পরিবর্তন ঘটে। বিগত দেড় শতাব্দী ধরে প্রযুক্তিগত অগ্রগতি ছিল বিশেষভাবে দ্রুত।

প্রায় দেড়শত বছর আগেও বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কে মানুষ কিছুই জানতো না; প্রায় পঞ্চাশ বছর পূর্বেই কেবল বিদ্যুতের ব্যবহার শুরু হয়। কেবল গত এক শত বছরেই রেলপথের বিকাশ সাধিত হয়েছে। মোটর গাড়ী মাত্র গত কয়েক দশকেই প্রচলিত হয়ে উঠেছে, ট্রাক্টর হয়েছে আরো সম্প্রতি। উড়োজাহাজের প্রথম আবির্ভাবের কথা মানুষ এখনও খুব ভাল করে স্মরণ করতে পারে – এটা হলো প্রথম মহাযুদ্ধের মাত্র কিছুদিন আগের কথা। রেডিওর অগ্রগতি ঘটেছে কেবল মহাযুদ্ধের সময় থেকে।

কিন্তু মানুষের হাতিয়ারপাতি – তার নিষ্প্রাণ সাহায্যকারীই কেবল উন্নত ও বিকশিত হয়নি, একই সাথে সমাজের সজীব [living ] উৎপাদিকা-শক্তিও বিকশিত হয়েছে। সবচেয়ে বড় উৎপাদিকা-শক্তি হলো খোদ শ্রমজীবী জনসাধারণ নিজেরাই, খোদ মানুষ নিজেই। যন্ত্রপাতির অগ্রগতি আর কলা-কৌশলের উন্নতির সাথে সাথে মানুষের ক্ষমতা, দক্ষতা ও জ্ঞানও বৃদ্ধি পায়। উড়োজাহাজ না থাকলে বিমান চালকও থাকতে পারে না, মোটরযানের আবির্ভাবের পূর্বে কোনো মোটর-চালকের থাকার কথা নয়। জটিল যন্ত্রপাতির সহায়তা নিয়ে মানুষ কেবল কাজ করতেই শিখে না, প্রথমত সেগুলো সৃষ্টি করতে, সেগুলো নির্মাণ করতেও সে শিখে।[২]

মার্কস কীভাবে ধারণাটি ব্যবহার করেন

উৎপাদন ব্যবস্থার দুটি উপাদান হলো উৎপাদিকা শক্তি ও উৎপাদন সম্পর্ক। উৎপাদিকা শক্তির নিরন্তর উন্নয়নের দরুন এবং শ্রমযন্ত্রের উৎকর্ষ সাধনের ফলে পুরানাের পরিবর্তে নতুন উৎপাদন সম্পর্কের প্রয়ােজন হয়, যা উচ্চস্তরের উৎপাদিকা শক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারবে। উন্নত উৎপাদিকা শক্তি এবং সাবেকি উৎপাদন সম্পর্কের মধ্যে ক্রমবর্ধিষ্ণু সংঘর্ষের অনিবার্য পরিণাম হলো সমাজ বিপ্লব, যেটা নতুনটির দ্বারা পুরানাে উৎপাদন সম্পর্কের অবসান ঘটায় এবং উৎপাদিকা শক্তির উত্তরােত্তর বিকাশের পথ সুগম করে। প্রাক-সমাজতন্ত্রী শ্রেণীবিভক্ত সমাজে উৎপাদন সম্পর্কের স্বরূপ হলো আধিপত্য, অবদমন, শােষণ ও পীড়ন। সমাজতন্ত্রী উৎপাদন সম্পর্ক শিল্প-বাণিজ্যে ব্যক্তিগত মালিকানার পরিবর্তে জনসাধারণের মালিকানা কায়েম করে।

উৎপাদিকা-শক্তির বিকাশের সাথে সাথে উৎপাদন-সম্পর্কও বদলে যায়। মার্কস বলেছেন, বস্তুগত উৎপাদন-যন্ত্রের পরিবর্তন ও বিকাশের সাথে সাথে, উৎপাদিকা-শক্তির ক্ষেত্রে পরিবর্তনের সাথে সাথে সামাজিক উৎপাদন-সম্পর্কেরও যুগপৎ পরিবর্তন ঘটে।

অধিকন্তু, এক বিশেষ রূপের শ্রেণি-আধিপত্য থেকে অন্য রূপের শ্রেণি-আধিপত্যে উত্তরণ অবিচ্ছেদ্যভাবে সমাজের উৎপাদিকা-শক্তিসমূহের বিকাশের সাথে গ্রথিত। উদাহরণস্বরূপ, পুঁজিবাদের বিকাশ বৃহদায়তন-উৎপাদনের বিস্তৃতি ও যন্ত্রের আবির্ভাবের সাথে যুক্ত।

দৃষ্টান্তস্বরূপ, আমরা পূর্বেই দেখেছি যে, আদিম যুগে উৎপাদিকা-শক্তির বিকাশের অবস্থা ছিল খুবই নিম্ন পর্যায়ে। শ্রমের হাতিয়ার-পত্র তখনও বিকশিত হয়ে ওঠেনি। প্রকৃতির বিরুদ্ধে মানুষ কেবল অপ্রতুলভাবেই লড়াই করতে পারতো। শিকারজাত বস্তুগুলোর উপর নির্ভর করেই আদিম গোত্রগুলি কেবলমাত্র কোনো প্রকারে নিজেদের ক্ষুন্নিবৃত্তি সাধন করতে পারতো। কোনো ধরনের মজুদই থাকতো না। সে কারণে কোনোরূপ শ্রেণিভেদ ব্যবস্থা সেখানে থাকতে পারতো না, যেখানে একজন অন্যের শ্রমের বদৌলতে জীবন ধারণ করে। শ্রেণিতে শ্রেণিতে সমাজের বিভক্তি দেখা দেয় উৎপাদিকা-শক্তির বিকাশের এক উচ্চতর স্তরে।

কোনো এক নির্দিষ্ট মুহূর্ত পর্যন্ত উৎপাদন-সম্পর্ক বস্তুগত উৎপাদিকা-শক্তির প্রাণ সঞ্চার করে। দৃষ্টান্তস্বরূপ, পুঁজিবাদ মৌলিকভাবেই পুরাতন শ্রম-পদ্ধতির পরিবর্তন ঘটায়, বৃহদায়তন-উৎপাদনের আবির্ভাব ও বিকাশ সাধন করে। কিন্তু তাদের বিকাশের এক নির্দিষ্ট মুহূর্তে যে উৎপাদন-সম্পর্কের অভ্যন্তরে উৎপাদিকা-শক্তিসমূহ বিকাশ লাভ করছিল সেই উৎপাদন-সম্পর্ককে সেগুলো অস্বীকার করতে শুরু করে।

“উৎপাদিকা-শক্তিগুলোর বিকাশের উপযুক্ত রূপ থেকে এই সম্পর্কগুলো তাদের শৃংখলে পরিণত হয়। তখনই আসে সমাজ-বিপ্লবের আমল।”[৩]

বর্তমানকালে আমরা এরূপ এক সমাজ-বিপ্লবের আমলেই বাস করছি। পুঁজিবাদী সমাজের উৎপাদন-সম্পর্কসমূহ উৎপাদিকা-শক্তিসমূহের আরো অধিক বিকাশে বাধাস্বরূপ হয়ে শৃংখলে পরিণত হয়েছে। পুঁজির ক্ষমতা

আরো পড়ুন

তথ্যসূত্র

১. সৌরেন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়, রাজনীতির অভিধান, আনন্দ পাবলিশার্স প্রা. লি. কলকাতা, তৃতীয় মুদ্রণ, জুলাই ২০১৩, পৃষ্ঠা ৪৯-৫০। ২. এ লিয়নতিয়েভ, মার্কসীয় রাজনৈতিক অর্থশাস্ত্র, সেরাজুল আনোয়ার অনূদিত, গণপ্রকাশন, ঢাকা, দ্বিতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০০৫, পৃষ্ঠা ৩-৪।
৩. মার্কস, “ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি”-র ভূমিকা, পৃঃ ১১, চার্লস এই কার এণ্ড কোং, শিকাগো, ১৯০৮

প্রকাশনার নোট: এই অর্থনৈতিক প্রবন্ধটি সর্বপ্রথম ২২ ডিসেম্বর ২০১৮ তারিখে রোদ্দুরে.কমে “উৎপাদন সম্পর্ক কাকে বলে” শিরোনামে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলকিবাজ.কম-এর সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে কিছুটা সংস্কার করে প্রকাশিত হয়েছিল। প্রবন্ধের মূল ভাব ও তাত্ত্বিক গভীরতা সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে, লেখাটি নিবিড়ভাবে যাচাই-বাছাইপূর্বক পরিমার্জিত, পরিবর্ধিত এবং আধুনিক এসইও-বান্ধব (SEO-friendly) আকারে আজ ৪ নভেম্বর ২০২৬ তারিখে পুনর্মূল্যায়ন করে হালনাগাদ (Updated) করা হলো।

Leave a Comment