উন্মাদনামা: অনুপ সাদির পূর্ণাঙ্গ কবিতার বই (অনলাইন সংস্করণ)

উন্মাদনামা

অনুপ সাদি

গ্রন্থস্বত্ত: লেখক

অন্তরাশ্রম সংস্করণ: মে ২০২৪

ই-বই সংস্করণঃ ১৪ আগস্ট, ২০১৩

প্রকাশক: মাহবুবা এনাম সোমা

অন্তরাশ্রম কার্যালয়,

মাছবাজার, নেত্রকোনা

দূরসংযোগ: +৮৮০১৭১২ ****৯৮

প্রজ্ঞা প্রকাশ সংস্করণ: প্রথম প্রকাশ, ১৯ ডিসেম্বর, ২০০৬
দ্বিতীয় মুদ্রণ: ১১ জানুয়ারি, ২০০৭

তৃতীয় মুদ্রণ: ১১ মার্চ, ২০০৭

মুদ্রণ: চারু প্রেস, নেত্রকোনা

কম্পোজ ও প্রচ্ছদ: অনুপ সাদি

মূল্য: ২৫০ টাকা

————————————

The Book of a Crazy Man by Anup Sadi, Published by Antorashrom, Netrokona

Antorashrom edition publication: May, 2024

Price: 250 tk only.

উৎসর্গ

১৯৪৭
সালে বাংলা
ভাগের ফলে যে সব
মানুষ নিঃস্ব রিক্ত সহায় সম্বলহীন হয়ে
দুই বাংলাতেই অবর্ণনীয়
দুঃখ কষ্টে নিপতিত
হয়েছেন
তাদের
এবং
বাঙলা
ভাগের যন্ত্রণায়
সর্বাপেক্ষা দগ্ধ বাঙলা
চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পরিচালক
ঋত্বিক ঘটকের
মহান স্মৃতির
উদ্দেশ্যে

অন্তরাশ্রম সংস্করণের ভূমিকা

উন্মাদনামা নামের এই কবিতাগ্রন্থটি আমার দ্বিতীয় বই। বইটি ২০০৫ সাধারণাব্দে প্রকাশিত হয় যাতে আমি একটি কবিতাই লিখতে চেয়েছিলাম, যদিও সেটি মোট ১৭টি ভাগে বিভক্ত করা হয়েছিল এবং সেগুলোর আলাদা আলাদা নামকরণ করা হয়েছিল। কবিতাগ্রন্থটি ২০০৫ সাধারণাব্দের অক্টোবর মাসে লেখা হয়েছিল। ২০০৬ সাধারণাব্দের ডিসেম্বর থেকে ২০০৭ সাধারণাব্দের মার্চের ভেতর বইটি মুদ্রিত আকারে বের হয়। কবিতাগ্রন্থটি মাত্র ৮০ কপি বের করা হয়েছিল। বইটি প্রথম পাঠকের হাতে যায় ১৯ ডিসেম্বর, ২০০৬ তারিখে। বইটির দ্বিতীয় মুদ্রণ বের হয় ১১ জানুয়ারি, ২০০৭ তারিখে এবং সবশেষে তৃতীয় মুদ্রণ করা হয়েছিলো ১১ মার্চ, ২০০৭ তারিখে। বইটির অনলাইন পাঠক এবং কম্পিউটারের পাঠকদের পড়ার জন্য ই-বই সংস্করণ করা হয় ১৪ আগস্ট, ২০১৩ তারিখে।

সব মিলিয়ে বইটি মোট শখানেক মানুষের হাতে বিভিন্ন প্রচারমাধ্যম অবলম্বন করে পৌঁছে দেয়া হয়েছিল এবং পরিচিতদের অনেকের কাছেই মৌখিক মন্তব্য চাওয়া হয়েছিল। তবে কয়েকজনের কাছে লিখিত মন্তব্য অথবা আলোচনায়ও চেয়েছিলাম। অনেকেই আমাকে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছিলেন।

এই গ্রন্থের সতেরটি কবিতা অনলাইনে রোদ্দুরে.কমে ২ আগস্ট ২০২০ থেকে ৯ আগস্ট ২০২০ তারিখের ভেতরে আলাদা আলাদা লেখা আকারে প্রকাশ করা হয়। রোদ্দুরেতে প্রকাশের সময় কিছুটা সম্পাদনা করা হয়। ক্ষেত্র বিশেষে দুএকটি শব্দ বদলে ফেলা হয়। রোদ্দুরে.কম থেকেই হুবহু লেখাটি বর্তমানে ফুলকিবাজ.কমে পাঠকদের সুবিধার্থে একত্রে একটি পোস্টে ২২ এপ্রিল ২০২৩ তারিখে পুনঃপ্রকাশ করা হয় এবং অনলাইনে সেখানেই উপলব্ধ আছে।

বইটির সম্পর্কে বিভিন্ন সময় যেসব আলোচনা পাওয়া গেছিল, সেগুলো এই গ্রন্থের শেষে পরিশিষ্ট আকারে দেয়া হলো। আমি সব লেখার নিচে তারিখ এবং স্থান লিখে রাখি। এসব লেখার নিচেও সেটি করবার চেষ্টা করা হয়েছে এবং লেখকদের সাথে কথা বলে সময় এবং স্থান নিশ্চিত করা হয়েছে। খুব সংক্ষিপ্ত আকারে লেখক পরিচিতি দেয়া হয়েছে, এবং সেগুলো আমি লেখকদের কাছ থেকেই সংগ্রহ করেছি।

এবার বইটি প্রকাশ করছে নেত্রকোনা থেকে ‘অন্তরাশ্রম’ নামের একটি সংগঠন। এই সংস্করণে আমি কোনো কোনো কবিতার শেষে দুএকটি টিকা যুক্ত করেছি; এতে কবিতাগুলো বুঝতে সহজ হবে বলেই আমার ধারণা। বইটির নাম উন্মাদনামা থাকবে, নাকি আবার নতুন নামে প্রকাশ করব, সেটা নিয়ে দীর্ঘদিন দ্বিধান্বিত ছিলাম। শেষ পর্যন্ত মনে হলো আগের নামটিই সঠিক চিন্তা প্রকাশ করছে, ইংরেজি নাম হিসেবে এটি হতে পারে The Book of a Crazy Man, যদিও আধুনিক মানুষের ধারাবাহিক গল্প হিসেবে যে নামটি দিতে চেয়েছিলাম, তা অপ্রধান নাম হিসেবে গ্রহণ করা যায়। 

নেত্রকোনা থেকে বই প্রকাশের অভিজ্ঞতা একেবারে নতুন। ফলে বইয়ে বেশ কিছু ত্রুটি থাকাই স্বাভাবিক। পাঠকগণই শেষ পর্যন্ত চূড়ান্ত বিচার করবেন, যা বলতে চেয়েছিলাম, তা কতটুকু বলতে পারলাম। ই-বই সংস্করণে একটি প্রচ্ছদ ছিল, যা একেবারেই বিষয়বস্তু তুলে ধরতে ব্যর্থ হয়েছিল। প্রথম প্রকাশের সময় যে প্রচ্ছদ ছিল, তা শেষ মলাটে ঐতিহাসিক মূল্য বিচার করে দেয়া হলো, এবং এবারো কোনো প্রচ্ছদ করা হলো না, একেবারেই সাধারণ মলাটে একটি বিশেষ বই, এমন কথা বলা আমার পক্ষে শোভন কী অশোভন তা পাঠকের হাতে ছেড়ে দিলাম।

অনুপ সাদি
৮ এপ্রিল ২০২৪; কুরপাড়, নেত্রকোনা।

ই-বই সংস্করণের ভূমিকা

“উন্মাদনামা” বা “আধুনিক মানুষের ধারাবাহিক গল্প” লেখা হয়েছিল এমন সময়ে যখন বাংলাদেশের রাজনীতিতে শ্রমিক-কৃষকের মুক্তির স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছিল। সেই বিধ্বস্ত সময়ে কৃষকেরা লড়াইয়ে নেমেছিল নিজেদের ফসলি জমি ধ্বংস করা এক উন্মুক্ত কয়লাখনির বিরুদ্ধে। আর আমার সেই সময়টিতে মনে পড়ছিল ইতিহাসের বিভিন্ন ঘটনাবলি এবং সেগুলোকে একই মলাটে ধরে রাখার ইচ্ছা। এমন একটি বই লেখার চেষ্টা যেখানে বর্তমান ও অতীত একই সাথে গাদাগাদি করে অবস্থান করবে। অতীত আর বর্তমান পরস্পর যুদ্ধে লিপ্ত হবে এবং সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে আগামীর শোষণহীন সমাজাকাঙ্ক্ষী জনগণের ইতিহাস। ফলে এই বইটিতে নানা রকমের অনেক চরিত্র এসেছে যাদেরকে পরিচয় করিয়ে দেয়া দরকার ছিল তথ্যসূত্র ও টীকা আকারে। সেটি এ মুহূর্তে করা না গেলেও ভবিষ্যতে করার ইচ্ছা রইলো।

বাঙলার রূপ বিভিন্ন সময় পালটে গেছে রাজনৈতিক ও প্রাকৃতিকভাবে। এখানে ধরা থাকলো মূলত রাজনৈতিক রূপটি, যদিও প্রকৃতি কিছুটা এসেছে। রাজনৈতিক রূপের পালাবদলে জনগণের আকাঙ্ক্ষা ও তাদের বাস্তবায়নে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের বাধাকে অতিক্রম করতে গিয়ে জনগণের শক্তি ও সীমাবদ্ধতাকে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছি। কবিতার বই ইতিহাসের বই নয়, তদুপরি আমি চেষ্টা করেছি ইতিহাসকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে এবং সেটি অবশ্যই জনগণের পক্ষে দাঁড়িয়ে। আমি সর্বদাই গণশত্রুদের উৎখাত কামনা করি এবং তাদেরকে পরাজিত করার জন্য আমৃত্যু চেষ্টা করে যেতে চাই। সেই উদ্দেশ্যেই এই কবিতাগ্রন্থটি লেখা হয়েছে। এখানে কাউকে কোনো ব্যক্তিগত আঘাতের জন্য কিছু লেখা হয়নি। পশ্চাৎপদ প্রতিক্রিয়াশীল রাজনৈতিক নেতাদের কারনেই আজো বাংলাদেশের জনগণ নিপীড়িত। সেই নিপীড়িত জনগণের পক্ষে এই কবিতাগ্রন্থটির নায়ক চিৎকার করে গেছে। তাঁর সেই চিৎকার আপনাদের কাছে ভাল লাগলেই আমার শ্রম সার্থক।

কবিতাগ্রন্থটি লেখা হয়েছিল অক্টোবর, ২০০৫ সালে। ডিসেম্বর, ২০০৫ থেকে মার্চ, ২০০৬ এর ভেতর ফটোকপি করে বের করা হয়েছিল মোট ৮০ কপি। সেই কপিগুলো নানাজনকে দেয়া হয়েছিল এবং টক-ঝাল-মিষ্টি মন্তব্য আমার কানে মাঝেমাঝেই এসেছে। সেই সময়ে একটি আলোচনা রণজিৎ সরকার করেছিলেন যেটি এখানে পরিশিষ্ট আকারে দেয়া হলো। আশা করি সব মিলিয়ে জনগণের আগামি দিনগুলো সুন্দর হবে।  

এই ভূমিকাটি ছাড়া কবিতাগ্রন্থটির প্রায় সর্বত্রই বানান সহজিকরণের একটা চেষ্টা ছিল। আশা করি পাঠকগণ সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করবেন।   

অনুপ সাদি
১৪ আগস্ট, ২০১৩;
চৌরঙ্গী মোড়, ময়মনসিংহ।

সূচিপত্র

ক্রমকবিতার নাম
০১ 📃মানুষ মানুষ আর মানুষ বা আধুনিক মানুষের ধারাবাহিক গল্প বা উন্মাদনামা
০২ 📃চা, ইলেকশন এবং ইতিহাস
০৩ 📃পুরুষালী নেতা ও ভাতার
০৪ 📃আমরা গণশত্রু পেয়ে গেছি
০৫ 📃দল ও পরাধীনতার ধারাবাহিকতা
০৬ 📃মানব সম্পদের স্বপদে দাঁড়ানো
০৭ 📃বিপন্ন জনগণের ইতিহাস
০৮ 📃আমরা কী?
০৯ 📃মাওবাদ ও জনগনের আমরা
১০ 📃বেদখল হয়েছে স্বদেশ কিংবা আঁখিও সে গোল্লি মারে নাচ
১১ 📃পরমাণু ও সাম্প্রদায়িক বোমা
১২ 📃মৃত্যুকুপের মাঝে বাঁচার ধুর্ততা
১৩ 📃গর্ততত্ত্ব ও সংগ্রাম
১৪ 📃গেরুয়া গরুর দাসত্ব
১৫ 📃কিছু রক্ত এখনো বিদ্রোহী
১৬ 📃শ্রমিকের বেদনা গীত
১৭ 📃আধুনিক নেতাদের পচনক্রিয়া