আমরা কী অপরাধী
আমরা কী অ্যাডাম আর ইভের১ মতো পতিত
আমরা কী ইউরো আমিরিকানদের মতো পতিত
আমরা কী মধ্যপ্রাচ্যীয়দের মতো পতিত
আমরা কী পচাগলা রক্তাক্ত ইতিহাসের মতো পতিত
আমরা কী পাশবিকতার কাছে পরাজিত ও পতিত
আমরা কী সগোত্রের মাংস পছন্দ করি
আমরা কী আঞ্চলিকতাবাদি
আমরা কী দাস না দাসমালিক
আমরা কী শ্রমিক না শ্রমিক শোষক
আমরা শ্রেণিহীন মানুষ না শ্রেণি বৈষম্যভিত্তিক প্রেমিক
আমরা কী ব্যাঙের ছাতা না কলুর বলদ না কলম না সিজোফ্রেনিয়া রোগি
আমরা কী সংস্কারপন্থি না প্রাচীনপন্থি না বিপ্লবি না প্রতিবিপ্লবি
আমরা কী সুবিধাবাদি না ধান্দাবাদি না ধান্দামুলক বস্তুবাদি?
আমরা নিজেরা নিজেদের চিনতে পারি না
কারণ আমরা নিজেদের মানুষ মনে করি
ভাবখানা এমন মানুষ এসব কিছুর বাইরে
দৈর্ঘ প্রস্থ উচ্চতাবিহীন কিছু শুন্যতা
যাদের পাওয়া যায় না যথা তথা,
তাদের ধরতে সিনেমার যুদ্ধবাজ নায়ক বা নায়িকা লাগে;
তবে
তাদের কিছু সহজ ও সহজাত বৈশিষ্ট আছে:
কথা বলে উচ্চ স্বরে, লিখে রাখে সামান্যই
তারা সংক্ষিপ্ত আক্রমনাত্মক ও নঞর্থক রোগি,
তারা পরস্পরমুখি ট্রেন ভ্রমন পছন্দ করে
যেসব ট্রেন উৎসমুখে
বারবার ফিরে আসে
তারা সুন্দর হাসতে পারে, কটাক্ষ ও দাঁতমাজন, স্বাদু জল ও
কেনাবেচাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে;
আপনারা তাদের কথা প্রচুর শুনেছেন
তারা আমাদেরই লোক
যদিও আমাদের নির্দেশ মতো পুরোটা চলে না,
তবে তারা বেশিরভাগ সময়ই দলের পক্ষেই কাজ করেন
পথসভার ফেরিঅলাগিরি, দলীয় পত্রিকায় কুৎসালিখন
কর্মক্ষেত্রে পেজকী লাগানো এবং অনিয়মিত বিতর্কে নিয়মিত যোগদান।
চিন্তায় যদিও দুর্বল তদুপরি সেইসব লোকের মাঝ হতেই
আমাদের নায়ক ও নায়িকারা বের হলেন
সৃষ্টির আনন্দে মেতে উঠলেন
আঁকলেন তীব্র ও সতেজ অনুভুতিতে
দুমড়ে মুচড়ে যাওয়া পোড়া দিনগুলোর
মূর্ত কিছু ছবি,
নায়ক অমিত তেজে শহরে হাঁটছেন
নায়িকা নৃত্যরত স্টেনগান গায়িকা
আমরা কয়েকজন পোস্টারে লেপ্টে দিলাম বুকপিঠ,
সটান হয়ে দাঁড়ালাম
আমরা আগামী শতকের জীবন্ত ভাস্কর্য।
পাঁচ দশক পর আমরা বুঝলাম
সব রসুনের একই গোয়া, সব বুর্জোয়ার একই কোয়া
সব শোয়ালের একই হুয়া।
কে বোঝাবে হায়রে জনসমষ্টি
তার হঠাত পাওয়া তুষ্টি,
তাদের আকাঙ্খার পরে টাপুস্টুপুস বিষ্টি,
শ্লোগান শুনো বন্ধু ইনকিলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ
প্রাণ দাও স্বর্গ নাও;
সেই স্বর্গ ২০০৫ সালেও এলো না;
অভাগীর ছেঁড়া শাড়ি প্রদান করে বিশ্বব্যাংক
অভাগী প্রতিদিন প্রতিরাতে বিক্রি হয়ে যায়
টিকা:
১. অ্যাডাম আর ইভ হচ্ছে আব্রাহামিক ধর্মগুলোর দুই পৌরাণিক চরিত্র, যাদেরকে ঈশ্বর সৃষ্টি করে এবং তার নির্দেশ অমান্য করার কারণে নিজের সৃষ্ট এই দুই চরিত্রকে স্বর্গ হতে নিক্ষেপ করে। সেখান থেকেই মানুষ পতিত প্রাণী।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ২২ এপ্রিল ২০২৩ তারিখে লেখকের স্বত্বাধিকার অনুযায়ী অনলাইনে ফুলকিবাজ.কম সাইটে কাব্যগ্রন্থ আকারে একটি পোস্টে প্রকাশ করা হয়। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে একক কবিতা আকারে আপডেট করে প্রকাশ হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚