কিছু রক্ত এখনো বিদ্রোহী

আমরা শ্রমিককে মজুরি দিয়ে বোঝাতে চাই
ঘুম এলেও কবিতা লেখা যায়,
এবং কবিতা জীবনের অধিক গুরুত্ব বহন করে,
হারানো দিন ফুটিয়ে তোলে
নিপীড়িতের অসংগতি, ক্ষমতাহীনের উপর অবিচার
নাটকে প্রদর্শিত রাষ্ট্রীয় নিষ্ঠুরতা,
তের হাত লাঠি দিয়ে অভাবীকে নাচানো,
গানের মাধ্যমে মানুষের মাঝখানে ফিরে যাওয়া শ্রমিক,
জীবনকে পাল্টাতে গিয়ে যারা নিজেদের বদলে যাওয়া,
কিছু রক্ত এখনো বিদ্রোহী
ইত্যাকার সবকিছু কবিতায় চলে;

প্রগতির বারুদ কার জ্বালানোর কথা, আর কে এখন জ্বালায়?
হলদে পাড়ার একটি বাড়িকে সাজানো হলো লাল রঙে
খাপ না খাওয়া রঙ, পছন্দের পরিবর্তন কতো দ্রুত; —
যেন উল্কার গতি,
একজন বিজ্ঞানীর পছন্দ সত্য,
সেই সত্য রঙ প্রথমে একজনই চিনতে পারে,
ক্রমাগত সেই রঙ সবার বুকে রঙ ছড়ায়
নিয়ে যায় প্রিয় মাটির দলাটার কাছে;
ওখানে অপেক্ষা করছে আমাদের শিল্পনগরী,
আধুনিকতার কোলাহল, শালিকের ডানা,
সাময়িক ব্যস্ততা, সময়ের শেষ সংকট,
আরও পথ বাকি কমরেড, ওই দুরে আমার স্বদেশ,
দুপারেই আমার দেশ আমার বাঙলা।

তোমাদের চোখে যে স্বপ্ন খেলা করে তা
ভালবাসা ও ঘৃনার মাঝে একটি সেতু বাঁধে,
সেই সেতুর নিচে আমরা লাফাবো, সাঁতরাবো,
অথবা আত্মহত্যা করবো অথবা দাঁড়াবো নিজ শক্তিতে;
টেকনাফ হতে তেতুলিয়ায়, এশিয়া হতে আফ্রিকায়
একটি কথাই শোনা যায়
আমরা আসছি, সমস্ত রাষ্ট্রীয় গোলামি খেদিয়ে
আমরা রক্ষা করবো আমার শ্রমিক আমার কৃষক,
বাঁচাবো আমার সোঁদা মাটি গন্ধ,
তুমিই আমাদের প্রথম ঝলকিত প্রেমের গন্তব্য,
আমরা পৌঁছাবোই তোমার মুক্তির বন্দরে।

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

কবিতাটির সংক্ষিপ্ত সাহিত্যিক ও সামাজিক বিশ্লেষণ

‘কিছু রক্ত এখনো বিদ্রোহী’ কবিতাটি মূলত মেহনতি প্রলেতারিয়েতের আত্মজাগরণ, শ্রেণী শৃঙ্খল ভাঙার অদম্য সাহস এবং আন্তর্জাতিক সাম্যবাদী চেতনার মেলবন্ধনে রচিত এক অনবদ্য প্রগতিশীল সাহিত্য।

  • শিল্প ও বিপ্লবের মেলবন্ধন: কবিতার প্রথমাংশে কবি শিল্পের রাজনৈতিক দায়িত্বকে মহিমান্বিত করেছেন। শ্রমিকের অধিকার, নিপীড়িতের অসংগতি, ক্ষমতাহীনের ওপর অবিচার এবং রাষ্ট্রের নিষ্ঠুরতাকে কবিতায় ও নাটকে তুলে ধরাই যে প্রকৃত সাহিত্যের কাজ—কবি তা স্মরণ করিয়েছেন। ‘হলদে পাড়া লাল রঙে সাজানো’ কিংবা বিজ্ঞানীর ধ্রুব সত্যকে চিনে নেওয়ার রূপকে কবি অত্যন্ত দ্রুততার সাথে মানুষের চেতনা পরিবর্তনের বৈপ্লবিক গতিকে ফুটিয়ে তুলেছেন।
  • মুক্তির রক্তিম প্রত্যয়: কবিতার শেষভাগে কোনো হতাশা বা ভাঙন নেই, বরং রয়েছে এক অপরাজেয় আশাবাদ। টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা এশিয়া থেকে আফ্রিকায় ছড়িয়ে থাকা শোষিত মানুষের অভিন্ন কণ্ঠস্বরকে কবি আবাহন জানিয়েছেন। রাষ্ট্রীয় গোলামির শৃঙ্খল ছিঁড়ে, মেহনতি শ্রমিক-কৃষককে বাঁচিয়ে এবং স্বদেশের সোঁদা মাটির গন্ধ বুকে নিয়ে চূড়ান্ত মুক্তির বন্দরে পৌঁছানোর এক দীর্ঘ ও সাহসী রাজনৈতিক লড়াইয়ের ইশতেহারের মাধ্যমে কবিতাটির সমাপ্তি ঘটেছে।

ফুটনোট: কবিতাটি পূর্বে ২২ এপ্রিল ২০২৩ তারিখে লেখকের স্বত্বাধিকার অনুযায়ী অনলাইনে ফুলকিবাজ.কম সাইটে কাব্যগ্রন্থ আকারে একটি পোস্টে প্রকাশ করা হয়। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে একক কবিতা আকারে আপডেট করে প্রকাশ হলো।

Leave a Comment