নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা প্রদানের বিরুদ্ধে সমাবেশ

জাতীয় স্বার্থ উপেক্ষা করে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে তড়িঘড়ি ইজারা প্রদানের তৎপরতার বিরুদ্ধে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গত ৩১ জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা প্রদান, জাতীয় ও জনস্বার্থ বিরোধী নানা চুক্তিসহ বাংলাদেশকে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পরিণত করার তৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গত ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার বিকাল ৫টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ। মিছিলটি গুলিস্তান থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এনডিএফ’র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খলিলুর রহমান খান, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, শাহজাহান কবির ও নগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্রাজ্যবাদী স্বার্থে সরকার ইতিমধ্যে লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও বন্দর নির্মাণ ও পরিচালনার দীর্ঘ মেয়াদি চুক্তি সম্পন্ন করেছে সরকার। এখন তড়িঘড়ি করে আগামীকালই জাতীয় স্বার্থ উপেক্ষা করে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আর আমিরাতের দুবাই ভিত্তিক ডিপিওয়ার্ল্ড তড়িঘড়ি ইজারা প্রদানের চুক্তি করতে চলেছে। জাতীয় স্বার্থবিরোধী এই চুক্তি করা থেকে অবিলম্বে সরে আসার আহবান জানান নেতৃবৃন্দ। চুক্তির পায়তারার তৎপরতার প্রেক্ষিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জনগণকে চুক্তির শর্তাবলী না জানিয়ে গোপনে জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে। নিউমুরিং টার্মিনাল কোনো অবস্থাতেই বিদেশী কোম্পানির হাতে তুলে দেওয়া ঠিক হবে না।

দুবাই ভিত্তিক হোক বা ডেনমার্ক ভিত্তিক হোক যে কোম্পানির কাছেই বন্দর ইজারা দেওয়া হোক, এগুলো মূলত মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের যুদ্ধ পরিকল্পনা কার্যকর করতেই এইসব বন্দরকে ব্যবহার করার অপতৎপরতা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চীনবিরোধী যুদ্ধ পরিকল্পনা তথা পিভট টু এশিয়া বা ইন্দো-প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্যই বন্দর ও করিডর প্রদানের তোড়জোড় চালাচ্ছে মার্কিনের অতি বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।

নেতৃদ্বয় বলেন, জাতীয় ও জনজীবনের এই ভয়াবহ ঝুঁকির প্রেক্ষিতে সাম্রাজ্যবাদের দালাল বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগসহ প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো কোন উচ্চবাচ্য না করে প্রহসনের সংস্কার ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জনসংযোগে গণমনোযোগ বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। নেতৃদ্বয় বলেন, সাম্রাজ্যবাদ ও তার দালালদের এই অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করা। তাই জাতীয় স্বার্থ উপেক্ষা করে সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক ডিপিওয়ার্ল্ড তড়িঘড়ি ইজারা প্রদানের তৎপরতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নগরবাসীসহ দেশবাসীর প্রতি নেতৃদ্বয় আহ্বান জানান।

আরো পড়ুন

বিশেষ দ্রষ্টব্য: বার্তা প্রেরক সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

error: Content is protected !!