‘চলো দূরের ওই দিগন্ত বিস্তৃত মাঠে
ওখানে অপেক্ষা করে আছে আমাদের কাল’— উদ্দীপিত সখী
রাজকন্যার কানে জানায় আজকের গোপন সংবাদ।
পাহাড় থেকে নেমে আসা নদীটির ধারে
কার খোঁজে দাঁড়িয়ে সেই অচেনা যুবক?
দূরে বন্য হরিণীরা খেলা করছে ইতিহাসের সঙ্গে;
সখীদের সাথে নিয়ে রাজকন্যা কেন
প্রাণ চাইলেও খুব কাছে আসছে না তার?
সে কি অমঙ্গলের ভয়ে? তবে জীবন টানছে কেন
অপর জীবনেরই দিকে— কোন মিলিত হবার প্রেরণায়?
রাজকন্যা ও তার অতীত নির্জনতা এখন কার
ঘুম ভাঙিয়েছে— গাছেদের নাকি গাছের পাখিদের?
সখীরা চলে গেছে, চলে যাক পৃথিবীর প্রান্তের কোনো রাজমহলে;
আষাঢ়ের কদম গাছের নিচে থাকুক রূপকথার নায়ক-নায়িকা,
বাতাসে পরাগরেণুর লাগুক মাখামাখি।
‘ও বহ্নিশিখা, তোমার জন্যে হাজার বছর আমি করেছি প্রতীক্ষা,
তুমি আছো পৃথিবীর বয়সী শুক্লপক্ষের সপ্তমীর চাঁদের মায়ায়’—
এই বলে রাজকন্যা দেখালো কুলকুল বয়ে চলা জীবন ও নদী।
আর পাশেই উপত্যকার মাঠে ময়ূর ও ময়ূরী
বুকের ওম শুষে নেয় হৃদয়ের হিম জলে;
কোনো লতাগুল্মের নিচে নড়ে ওঠে
দুটো লাল লতিকা, হট্টিটি পাখির ছানা; মা তাদের অন্ধকার
শিথানে জ্বালিয়ে দেয় প্রশ্বাসের ধূম।
‘ওগো আমার ঘুমের দেশের রানি,
তোমার জন্য এই নশ্বর জীবন ধন্য মানি…’
তারপর কত কথা শুনেছিল পৃথিবীর প্রাণ,
কত সময় মিশে গেল সময়ের জলে;
রাত্রির ভেতরে সাঁতার কেটেছে স্নানরত পানকৌড়ি।
নীল রঙ রূপকথা বাস্তবতায় ধরা দিয়ে
গড়ে তুলেছে দুজনের মাঝখানে জীবনের দেয়াল;
গোধূলিবেলা জিরাফের গলা জটলা পাকিয়েছে তাদের আশপাশে,
চাঁদনি রাতে চাঁদমুখ নিয়ে চিতাবাঘ দেখেছে
জোড়া প্রেমিকের সেই দৃশ্য— সীমানাবিহীন ভালোবাসা!
আর রূপালি জলে রূপার মাছেরা পরস্পর
কাঁধে হাত রেখে সঞ্চরণশীল,
শুনিয়েছে স্বপ্নের দোলনায় দোল খাওয়া রাধা আর কৃষ্ণের
ফিরবার কথা ভুলে যাওয়া অভিমান পর্বের গান।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ৫ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚