বিলুপ্তপ্রায় হিমের মতো দূরের জাদু বাস্তবতা
থেকে তুমি আসো,
হে চপলা, গতিময়তার কণ্ঠে সোনালি শাড়ির
সুর মিশিয়ে!
জানু পেতে বসো আবাসস্থলের চারধারে—
কেন্দ্রীভূত ধূমায়িত স্বার্থপরতায়।
উষ্ণতার পিঠে প্রাত্যহিক মাতালের তত্ত্ব, তথ্যজালিকার
মতো ছড়িয়ে পড়েছে
পাহাড়ের দূর উপত্যকায়—যেখানে সিংহিনীর মুখ
ছায়া ফেলে
শিহরিত শীতের বালিশে।
আর বাইনোকুলারের লেন্সে গোলাপি সুতোর
মতো বৃষ্টি এঁকে দেয়, জল ও বনানীর মাঝখানে
ফুটে থাকা এক ইন্দ্রজালিক চিত্রকল্প!
গ্যাসচেম্বারে ঢুকে ভাবনার কোলাহল—
দ্বান্দ্বিক বস্তুবাদের মতো প্রদক্ষিণ করতে থাকে
কোনো নতুন তারায় তারায় আগুনজ্বলা রাতে।
জনমানবহীন আকাশের বুকে সব ভালোবাসা—গন্ধ-বর্ণহীন
শিলা হয়ে উড়ে যায় পাখিদের মতো।
চিমনির ধোঁয়া খেয়ে কালো হবে কালো কালো সহকর্মীগণ।
পোকা-মাকড়ের কঙ্কালের রসকষহীন নগরে নামে—
অগ্নিবারুদের মতো উদ্দাম নাচুনে রাত!
কাঁধ ঝাঁকি দিয়ে চলে যায় আফিমের ঘ্রাণ;
ঘরের মেঝেতে আবার খোঁড়া হয় প্রেমের পুরোনো কবর।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚