উৎকণ্ঠিত আপনারা জানিয়েছিলেন—
আমাদের শক্তি স্বাদু পানির মতো দিন দিন কমে যাচ্ছে,
আমাদের মনোবলে মরচে ধরেছে;
নিজেদের মধ্যে বেড়েছে সন্দেহ আর অবিশ্বাস,
আমরা এখন বহুবিভক্ত, যেন বটবৃক্ষের শিকড়হীন ডাল!
সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি—
কথা শোনার মতো কেউ আর আমাদের কাছে আসছে না।
কবি, সাহিত্যিক, দার্শনিক, লেখকগণ—
চলে গেছে আমাদের ছেড়ে সুড়ঙ্গ পথ দিয়ে।
ভুল পথে চলার সতর্কবাণী অন্যান্য প্রাত্যহিক কথার মতো
আমাদেরকে সংশোধন করতে পারেনি;
আমরা অতীতের পরিত্যক্ত আবর্জনাকেই ভালো বলে চালাচ্ছি!
একথা কি সত্য নয় যে, আমরা নির্দিষ্ট কিছু আদর্শ ও স্থানে
বন্দী আছি?
পৃথিবীর বহিরঙ্গ পাল্টে গেছে,
বদলে গেছে মানচিত্রের রূপ ও চাহিদার সূচক;
আমরা কি ভেবেছি সেসব?
আমরা কি জানি—
ভোল পাল্টে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে
দুলদুলে মোটাসোটা ভুঁড়িঅলা সেই পুরোনো হিংস্রবাদী?
আর—
আমাদের ব্যর্থতা জ্বলজ্বল করে জ্বলছে হিমালয়-আল্পসের চূড়ায়;
‘ইতিহাস শেষ হয়ে গেছে’—শত্রুর সুনিপুণ বুনন,
আর আমাদের সহকর্মীদের কেউ কেউ বিভ্রান্ত, দ্বিধান্বিত ও পথ ভোলা।
তদুপরি আমি দেখছি, মশাল হাতে কোথাও না কোথাও কেউ না কেউ
লড়ছে—
আমার জন্যে, তোমার জন্যে, আমাদের জন্যে;
আমরা এখনো নিঃস্ব বা নিশ্চিহ্ন হইনি!
আমরা
আছি,
আমরা
লড়ছি—
এর চেয়ে বড় সত্য আর কোথাও নেই।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚