তোমার শৈশব, তোমার মেয়েবেলা আজকের
সারাদিনের বৃষ্টির ভুরভুর গন্ধে মিশে গেছে;
তোমার মানসপ্রতিমা জানালা বন্ধ করেছে বৃষ্টির ছাঁট
এসেছে বলে; না, তুমি খোলা জানালা বন্ধ করো না।
তুমুল বৃষ্টি আসুক, আমি বৃষ্টির কণায় মিশে
হাওয়া-জলে সাঁতার কেটে এসে দাঁড়াবো তোমার জানালার পাশে;
তোমার চোখের বুদবুদে আমার ছায়াকে নিশ্চিত দেখতে পাবো।
পৃথিবীর সমস্ত জলের ফোঁটা আজকে
তোমার বিমূর্ত কল্পনাকে আমাদের
কল্পনার ক্যানভাসে রঙতুলি দিয়ে আঁকে কল্পনার ছবি;
আমার প্রত্যাশিত পিরামিড এখন তোমাদের ছাদে ভেসে চলে।
তুমি কি এখন জানালার পাশে বসে আনমনে দেখছো আকাশ—
সমুদ্র, ঝড়, বজ্রবিদ্যুৎ, স্মৃতির উপমা, শখের প্রবালদ্বীপ?
নাকি শিশুবেলার মতো ভিজে ভিজে শিলা কুড়াচ্ছো,
মুখে দিচ্ছো, কেঁপে কেঁপে উঠছো? সেই শীতল শিলা যা
প্রাগৈতিহাসিক কালেও কুড়িয়েছিলাম আমরা দুজন,
যে শিলা ছিলাম আমি, যে শিলা ছিলে তুমি।
তোমার ব্যক্তিগত ঘরে কি এখন আমাদের
প্রতিবিম্ব দুলছে, নাকি অন্য অপরিচিত কারো
প্রতিবিম্ব বুকে নিয়ে তুমি ঘুমিয়েছো ইতিহাসের কোলে?
লাঙলের ফলার মতো সুতীব্র ওলটপালট করা
তুমুল বৃষ্টিতে আমরা তোমার মনের ছাদে অবিরাম ভিজছি;
পাশের বাসার ছাদে সেই ছেলেটি, আমারই মতো, আছে তো?
নাকি তুমি অন্যমনস্ক, হৃদয়ের মরুভূমিকে জলবিহীন রাখতে চাও?
তোমার সাথে আর বুঝি বৃষ্টির আনন্দটুকু উপভোগ করা হলো না।
আজকের বৃষ্টিতে ভূমিকম্প হোক,
হোক পৃথিবী চুবানো জলোচ্ছ্বাস!
ভেসে যাক হাতুড়ি পেটানো বৃদ্ধার ক্লান্তি,
ডুবে যাক মন্ত্রিপাড়া, বিশেষ পাড়া,
ছেঁড়া শাড়ি শুকোনো মা, গাড়ি ও অট্টালিকা, অশুভ সংকেত;
তুমুল জল উল্টে ফেলুক সিংহাসন ও চেয়ার,
তুমি পাল্টে ফেলার কালজয়ী কর্মী হও আমাদের চারপাশে।
আমি জানি না তুমি কি এখন জাগ্রত, সদা থাকো সচেতন?
দেখছো কি তোমার অপেক্ষায় কাটানো চব্বিশ বছরের নির্ঘুম জীবন—
নৃত্যবিহীন ঘুরে বেড়ানো নদীবন্দর হতে সমুদ্রবন্দরে,
মধ্যমা-অনামিকার অচেনা ক্রন্দন?
আমি খুব চিনি তোমার আঙুল, তোমার পুতুল,
তোমার রূপকথার বারান্দায় ফোটা জবা ফুলের কুঁড়ি।
তুমি উদাসীন, চুপচাপ থাকতে পারো পার্থিব জীবনের
টানাহেঁচড়া উচ্ছৃঙ্খলতা দেখে— কৌতূহলবিহীন;
আর আমি খোলা জানালা হতে অতি দূরে আকাশি রঙের পাহাড়
কুয়াশায় ঘন সাদা হয়ে দিগন্তের কোলে মিশে যেতে দেখি
অনুভূতির সতেজ আলোয়;
আজকের কালজয়ী বৃষ্টিতে, তোমার সৃষ্টিতে।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ৫ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚