উঁচু উঁচু গোল দালানের মতো ভুঁড়ি
ফেটে বেরিয়ে আসছে বিংশ শতাব্দীর
কিছু ক্ষমতাবান; কেন না কিছুদিন আগে থেকেই
ক্রমাগত খাচ্ছে তারা তেলাপোকার ডিম!
এবং তৈরি করছে কারাগার, ফিরিয়ে আনছে
তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক; গাঁটছড়া বাঁধছে দাদার
আমলের সর্ষের ভূতের সাথে!
প্রতিযোগিতা চালাচ্ছে বিদেশি ঠাকুরকে খুশি করবার।
ভাঙা সুটকেস হাতে ও ছেঁড়া গেঞ্জি গায়ে দুটি সহোদর—
এতিম ও নিঃস্ব ভাই, ভিক্ষা করতে করতে
হাজারখানা বাড়ি বানালো হাওয়াই স্বর্গের উপর!
তেরো কোটি জরাজীর্ণ পাহাড়ের পাদদেশে জল নেই,
সমুদ্রেও হাওয়া নেই, আছে শুধু প্রতিবেশীর ঘাড় মটকে খাওয়া;
কান ধরে ওঠ-বস ও নাকে খত দিয়ে নিজ ভাইকে
সীমান্তের ওপারে পার করে দেওয়া!
নির্বাচিত কাব্যপ্রেমী অগণতান্ত্রিক কিছু শিম্পাঞ্জি ও বানরের বংশধরেরা
এখন প্রাচীন নিয়মে বাঁচার জন্য, পুরোনো পুস্তকনির্ভর আধখানা বই লেখে;
আর এক পাতিভাঁড় তেড়ে এসে থিয়েটারে
বান্দরের সাথে শুরু করে অভিনয়!
কালো কাপড়ে মুখ ঢেকে তোলে অথৈ স্লোগান:
‘মানি না, মানবো না—
অন্ধকারে কেউ কাউকে দেখবো না।’
গ্রহমঞ্চে সেই ফাতরার বিমূর্ত চেঁচামেচিতে কেঁপে ওঠে স্বৈরভবন, এবং
মৃগী রোগী দাঁড়িয়ে পেচ্ছাব করে জাতিসংঘের ফুলদানিতে!
ভেসে যায় পৃথিবী, থেমে যায় আগুন;
একটি গানের দৃশ্যে নাচে এক বেয়াড়া ছোকরা।
রাইফেল ও টুপি হয়ে যায় অন্তরঙ্গ বন্ধু;
সুন্দরীশ্রেষ্ঠা ক্রীতদাসী হওয়ার বিজ্ঞাপন আঁকে নিজের শরীরে।
বিভ্রান্ত আকাশে তখনো সতর্ক তারারা উঁকি মেরে দেখে—
ভুলশয্যায় দুটি নদীকে কামড়ের নিচে রাখতে লালায়িত
একটি ব্রিজ ভুংভাং তত্ত্ব আওড়ায়:
‘সুন্দর মনে থাকে কিছুক্ষণ, কিন্তু শরীরে অমর।’
পাথুরে সাগর পাড়ি দেয় বেকুব বোঝাই কিছু ঝকমকে নৌকা,
তাদের চারদিকে কিলবিল করে পচা কৃমি-জোঁক;
উভয় তীরে ঝলমল তরুণ-তরুণী চকচক করলেও আলো দেয় না!
রাজপথ দিয়ে হেঁটে যায় অবোধ জিউস—
তার নাভির নিচে বজ্রদণ্ড, মাথায় সর্বগ্রাসী ক্ষুধা,
আঙুলে টিপছে বোতাম, জ্বলছে ইতিহাসের খাতা;
আর তোমার দুঠোঁটের দশদিকে ক্লান্তির আলো দেয় বিষণ্ন কাজলরেখা।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚