অনিচ্ছায় বিচরণ করি জনমানবহীন অন্ধকার রাতে—
ফুটপাতে,
একাকী, বিষণ্ণ, ব্যর্থতায় চোখে অনিদ্রার কালি!
চশমা দিয়ে দেখি আতঙ্কিত কঙ্কালের ফ্রেম,
চলমান শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ;
দূর হতে ভেসে আসা বেআক্কেলে সুর—
নিচুতলার গান আর তালের বাগান!
দেখি জলের ঘূর্ণিতে ভেঙে যাওয়া পরানের বাস্তুভিটা,
ছেঁড়া ত্যানায় সযতনে বেঁধে রাখা—
বাবার দুচোখে মায়ের শেষ আধুলি,
এক জীবনের গরমিল হিসেবের ছেঁড়াখাতা।
মনে পড়ছে এখন,
বোনের নয়নতারা ফুল গাছগুলো
বৃষ্টির বেহিসাবি বর্ষণে বাঁচলো না;
সন্ধ্যামালতির বীজ খুঁটে এখনো কি সে
আটা বের করে, জবা ফুল ঘষে দুহাত রাঙায়?
এখনো কি সে ভূত সেজে গাঁয়ের সবাইকে ভয় দেখায়?
এখনো কি সে কাঁদে সন্ধ্যামাসিরা ওইপারে চলে গেলে—
হাঁটতে হাঁটতে এগিয়ে যায় অনেকটা পথ,
এগিয়ে দেবে বলে;
নাকি—
আমার মতোই তার অস্তিত্বহীন বিচরণ
ও অবিরত বাসা বদল এই প্রকাশ্য শহরে?
এখানে উড়ে আগুন, এইখানে পুড়ে পানি;
চিৎকারী ধাড়ি ধড়িবাজের ধান্দাকে সে এখানে—
কোনোভাবেই সবুজের ডানায় ওড়াতে পারেনি।
দানবীয় কারখানার ধোঁয়ায় পচে গেছে
আমাদের কৃষিখেত, পুকুরের মৃদুজল,
আর দিকে দিকে পর্যটক ভিসায় প্লেগের জয়যাত্রা!
মানবিক চিতা বহ্নিমান—
ছাইয়ের নিচে চাপা পড়ে আছে বাঁশপাতা, কাশফুল,
সাধের দেশি লাউমাচায় ফনা তুলছে যুদ্ধ কামান;
দিগন্তঘেরা মড়কসন্ধ্যা নামছে শুকিয়ে যাওয়া নদীর কিনারে।
পুরোনো নগরীর পোড়াবাড়ি ঘেঁষা কদবেল গাছের
কাণ্ডে-শিকড়ে লেগে আছে হাহুতাশ দীর্ঘশ্বাস,
মরা বৃক্ষতলে মুমূর্ষুর ওষুধের শেষ গন্ধ;
পরিত্রাণের গান লিখছেন কেউ কেউ দেহের নোনাজলে।
কেউ কেউ বলছেন, ‘এ মাটিতে ফোটে না
মৌমাছির পাখায় কোনো মহাজাগতিক ফুল’।
দেখছো না অর্থব সন্তানেরা—
মায়েদের পোড়াবাড়ির চৌকাঠে
উইপোকা ও তেলাপোকার উৎসব বসেছে,
মাকড়েরা গড়ছে কবুরে মাটির গম্বুজ!
আর আমি, সে, তারা—আমরা সবাই
দুপায়ের মাঝখানে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি,
অনিঃশেষ কালিমায় যাপন করেছি হাজারো বছর!
আমি পারিনি প্রিয়তমা, আমি পারিনি বাঁচাতে তোমাকে—
আমার কাঁধে যাদের জোয়াল, তাদের হাত থেকে;
আমি পারিনি প্রিয়তমা, আমি বাঁচাতে পারিনি তোমাকে,
তোমার বুকের মাংস যারা খাবলা বোঝাই করে নিয়ে গেল,
পাকস্থলী বোঝাই করে খেলো—
তাদের আগ্রাসী হাত থেকে!
তুমি ছিন্নশাড়ি বুকে নিয়ে
তাদেরকেই মাদুর পেতে বসতে দিয়েছো—
আমারই আঙিনাতে।
হায় প্রিয়তমা!
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚