প্রকৃতির গান, হেমন্তের দুপুরে

ঘুম হাতে নিমে বসে আছি,
      শুনি দুপুরের বাতাসের ঘ্রাণ;
এখানে কালের ক্লান্তির জলছাপ
      আঁকা আছে উল্কি হয়ে পথের উপর!
             মাইক্রোফোনের সুরে টাকাপ্রেমীর নির্বাচনী রঙ,
                   সম্পদের কোকিলারা কবে ছিল
                         কোকিলের সহগামী?

ঘুঘুর নরম বুকে পাহাড়ি নদীর ঢেউ তুলে
      খুলে যায় মনের দরজা, কামনা কপাট;
কার্তিকের বাঁশঝাড়ে সারমেয় সারির ফোনালাপ,
            সহযোগী প্রকৃতির সুর আর
                        স্পন্দমান নীল ভোমরার পাখা।

দূরগামী মেঘের পাহাড়ে আঁকা
            কালো কালো বিভক্তির দেশে,
উড়ে উড়ে মিশে যায় নীলিমায়—
                    কাজলা প্রেমের চিঠি,
                              হলদে ঘামের চিঠি।

বৃহদাকার শিমুলের খাঁজে
            ডাক দিয়ে যায়;
সময়ের সুবাস ঘিরে প্রাচীরের মতো
            গোলাপের কুঁড়ি হাতে
                      পৃথিবীর সব নায়িকারা।

তালপাতার মতো গোল কল্পনার মুখে—
            আশ্বিনী ঝড়ের ডাক
আজও মিশে আছে;
            আওয়াজে ভেসে যায় পথঘাট, পথের ধুলা,
                        পথিকার কণ্ঠে বাজে
                                    আগুন ও চাবুকের গান।

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment