ঘৃণার গান, এক টুকরো

ক্যানভাসের দগদগে ঘাটিকেও মুছে ফেলা যাবে;
বুকের নীল যন্ত্রণার দাগ কোন রঙ দিয়ে মোছাবে?
লক্ষ বছর ধরে মহাপৃথিবীর হাওয়ায় ভাসে এতো কম ঘৃণা;
এক জীবনের মোড়ে ঝুড়ি ঝুড়ি ভালোবাসা ফেরি করতে পারো না!

আমারো আছে অ-নে-ক, অ–নে—কগুলো তীব্রতম ঘৃণার পাহাড়;
ঘৃণাই জগতদেহ, ঘৃণাই কোমলপথ ঘুরে ফিরে বারবার ভালোবাসবার।
এই, এই আজ শেষদিন, অত্যুজ্জ্বল শূন্যতায় প্রাগৈতিহাসিক স্বপ্নকে রাখি জমা।
সকালে খই-ফোটা সুখে, বিকেলে বধির আমি, রাত্রিতে বেওয়ারিশ মৃত অনামা!

ভুলে গেছি, জলের রঙের মতো খুব ভুলে গেছি তোমার রূপ, রস, রঙ;
এখানে খেলনা পুতুলে ঢেউ তোলে মাংসের রঙিন আড়ং।
মহাকালের অতলে তলাবে একালের সেকালের সসীম-অসীম সব সীমা;
প্রকৃতি বিছিয়ে রবে, জীবন চলবে বয়ে—রেখে যাবে পদে
পদে কালো কালো অশালীন চুমা।

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment