মা হেঁশেলে নিজেকে রাঁধেন,
উনুনের খড়ি প্রজ্বলিত বাবা—
জ্বলে জ্বলে ছাই হন;
সেই ছাই নেওয়া হয় ল্যাবরেটরিতে,
পরীক্ষার পর প্রাপ্ত প্রতিবেদন দেখিয়ে—
নির্বাচিত প্রতিনিধি অতি উৎসাহে গ্রহণ করে চমৎকার
বিদেশি ডলার!
সুন্দর সব পদ্ধতি!
ছেলে বিক্রি করে রক্ত,
কেনে মোহন লটারির টিকিট;
মেয়ে চলে পথে পথে খদ্দেরের খোঁজে।
সব খুব স্বাভাবিক ও সুন্দর!
শিশুরা বহন করে বেজন্মার পাপ,
সবকিছু সুন্দর চলছে—
প্রতিদিনের প্রেস রিলিজ;
রেডিওর রঙিন পর্দায়—
তথ্য, উপাত্ত, বিশ্লেষণ, বিতর্ক;
সব খুব স্বাভাবিক ও সুন্দর!
দিন
যায়,
দিন
আসে—
উনুনে রান্না হয় মা,
উনুনে ছাই হয় বাবা।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚