রক্তস্রোত রক্তজবা

কাশফুল দিয়েছিলে বুঝি?
উপহার পেয়েছিলে বুঝি স্মৃতির পাহাড়ে ফোটা কাঁচা রক্তজবা?
নাকি ক্ষণটুকুও মনে পড়ে না?
ভুলে গেছ কি আলতারঙ ঘনজল,
টিয়েপাখির ঠোঁটের আঁচড় তোমার ঠোঁটে—
সকাল, বিকেল, রাত্রিবেলা?

কতদিন হয়নি দেখা কালো জোছনার সুশব্দ ঝড়;
ঘন ঘন ঝিলিক দেওয়া জিউসের বজ্রদণ্ডের কোমল অভিশাপ!
চড়ুইপাখির পাখনা-কোমল বুকের মতো সহজভাবে
শোনা হয়নি শিল্পতরুর বাজনা-বাগান;
কেবলই অন্ধকার ভালোবাসার জন্যে
অনন্ত অপেক্ষা আর গুনগুনানো!

মনে আছে, তানপুরার মাতাল তালে তোমার পাশে দাঁড়িয়ে থেকে
বাড়িয়েছিলাম আদিগন্ত রক্তচেতন?
তুমি তখন প্রবল শান্ত—শান্তি তোমার বিকেলবেলার চোখে-মুখে।
হেসেছিলে—তাও মনে নেই?
আগুনরাঙা কোমল হাসি দুই হৃদয়ের আলিঙ্গনে;

বিশ বছরের যুবক আমি—
মাথার ভেতর তুমি এবং রক্তস্রোত রক্তজবা!

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment