প্রজাপতি জ্বালায় পোড়ায়, নিজে পোড়ে না

খুলির ভেতরে প্রজাপতি গড়ে বৃত্তাকার সুখের বাসর;
তার খয়েরি ডানায় ওড়ে পাহাড়ের গ্রানাইট পাথর।
বৃহৎ দানব এক হয় সে তার চৌহদ্দির ভেতর;
চার পায়ে চার হাজার নক্ষত্রকে ধরে আনে সে সেথায়।
স্যাটেলাইটের মতো শুঁড়ে খোঁজ নেয় পাপীরা কোথায়;
মাথার উপরে রাখে সে কয়েক লক্ষ পারমাণবিক খেলা,
যাকে মনে চায় তাকে হজম করতে বসায় বহুজাতিক মেলা!

বিষাক্ত পতঙ্গ-সর্প, মড়াখুলির উপরে ছোটাছুটি করে;
আবর্জনা, কাদা-পাক, বিভীষিকায় খুব নড়েচড়ে।
পোড়া ঘ্রাণ, মৃত লাশ—চিতায় জ্বলে জ্বলন্ত লাকড়ি;
আগুনের দাউ দাউ রক্তশিখা ভূমণ্ডলে করে উড়াউড়ি।

জ্বলতে জ্বলতে খড়ি হয় খাঁটি সোনা;
প্রজাপতি জ্বালায় পোড়ায়, নিজে পোড়ে না।

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment