মানুষগুলো বদলে গেল স্বার্থপরতায়১
রাজনীতি উচ্ছন্নে গেল কার কুচেষ্টায়
কষ্ট করে কে আর দীপ জ্বেলে যায় মাঝপথে?
তার চেয়ে সহজ পথ সংখ্যাগরিষ্ঠতার নেশা, পুঁজির পাশাখেলা,
অংকে যত দূরেই থাক গণতন্ত্র আর দেহবিক্রির সূত্র
সব ছাত্রই মুখস্ত কর, হাতে নাও ব্যালট কাগজ,
সিল মারো সারারাত গোপনে গোপনে
খবর শুনছেন—আধুনিক রাজনীতি প্যাকেজ প্রোগাম; —
আমরা চাই বা নাচাই
কিছু একটা ঘটে গেল গোটা মহাদেশে
লাল ঠেকানোর সতর্কতা……………….
— তুমি কোন দলের?
— সাদা
— করো কী?
— কোন্দল
— আপনি কোন দলের?
— কালো
— করেন কী?
— কোন্দল
— তুই কোন দলের?
— আমি আমার দলের, আমার নিজস্ব একটা হ্যাচারি আছে,
ওখানে পোনা উৎপাদিত হয় বাম, ডান, ধর্ম, ডাকাত, সন্ত্রাসি, ধান্দাবাজ, ধাপ্পাবাজ
যা চাইবেন তাই পাবেন
যোগাযোগ বিভিন্ন শাখায়;
আর এটা হলো বাঙলাদেশ,
এখানে পৃথিবীর সব মতবাদ বেঁচে থাকে
মরে ভুত হওয়া ধারনাও শক্তি সঞ্চয় করে।
কয়েকজন ছোকরা গুনতে থাকে
কার আকাশে কতো পাখি
কার আঘাতে কোন সকালে মহাবীরের উল্টে পড়ে চেয়ার
ভোর হোলো রাত্রি খোলো
তোর জন্যে আগামিতে আসছে সাধুবাদ
হাতে নে আমাদের হাত
এই হাতে পাবি তুই প্রাচীন ভারতের ধূলিকণা
কালের আয়নায় দেখা স্নিগ্ধ আলো কণা
আসছে আগামিতে পাখির ঠোঁটে ফুল
গোপন সাধনা
নীল জল …………..
আমার নীলপরি
পরে নীল শাড়ি
তার এখন সময় কাটে
চিরচেনা বাড়ি।
বন্ধু আমার ঝড় এলে হারিয়ে ফেলে নাও
অন্য মাঝি সাঁতরে বাঁচায় বৃষ্টি ঝড়ের দিনে
দুরের বন্ধু হত্যাকান্ডে জড়িয়ে পড়ে প্রতিশোধ চিনে
অপরিচিত ডাকাতের পরিত্যক্ত ঘরে শোনায় নির্মম সত্য
‘কেউ মারা যায় না কখনো’
ইতিহাস সজীব সমুদ্রের মতোই
সমুদ্র সজীব পাহাড়ের তীর।
১৯৪৭ ও ১৭৫৭ একই নদীর দুই তীর
একটি মেয়ে বিক্রি হলো
কিনলো উমিচাঁদ২ , গায়ে লর্ড ক্লাইভের৩ পোশাক
সেই বিক্রিত তরুণীটির হাতে ধর্মগ্রন্থ
সে কী মানুষ নাকি পন্য
সে কী বর্নবাদী নাকি ইঁচড়ে পাকা
সে কী ঘোড়ার ডিম নাকি অস্তিত্ববাদি
সে কী ছেঁড়া টাকা নাকি হাতপাখা
তার পার্শ্ববর্তিনিরা কী মানুষ নাকি তেলাপোকা
নাকি তারা নাওমি ক্যাম্পবেল৪ বা ক্লিওপেট্রা৫
অথবা তারা মানুষ আর মানুষ আর পিঁপড়া ………।
টিকা:
১. আধুনিক বর্বর পুঁজিপতিদের দার্শনিক টমাস হবসকে দিয়ে পুঁজিবাদীরা বলিয়ে নিয়েছিল, মানুষ হচ্ছে লোভী, নোংরা, পিশাচ।
২. নবাবী আমলে আফিম ও শোরার ব্যাবসায়ি উমিচাঁদ ছিল ব্রিটিশ উপনিবেশবাদের সহায়তাকারী শয়তান।
৩. লর্ড ক্লাইভ হচ্ছে আধুনিক ব্রিটিশ বর্বরতার প্রতীক এক সাম্রাজ্যবাদী গণহত্যাকারী খুনি নরপিশাচ।
৪. নাওমি ক্যাম্পবেল (জন্ম: ২২শে মে ১৯৭০) একজন বিখ্যাত শরীর প্রদর্শনকারী ব্রিটিশ ফ্যাশন মডেল, অভিনেত্রী, গায়িকা ও পুঁজি পূজারি।
৫. ক্লিওপেট্রা (৬৯ – ১২ আগস্ট, ৩০ খ্রিস্টপূর্ব) প্রাচীন মিশরের দাস মালিক এবং দাস ব্যবসায়ীদের রাণী, স্বাধীনতা ও জনগণের শত্রু।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ২২ এপ্রিল ২০২৩ তারিখে লেখকের স্বত্বাধিকার অনুযায়ী অনলাইনে ফুলকিবাজ.কম সাইটে কাব্যগ্রন্থ আকারে একটি পোস্টে প্রকাশ করা হয়। আজ ১১ অক্টোবর ২০২৬ তারিখে একক কবিতা আকারে আপডেট করে প্রকাশ হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚