নানা রঙের মেলায়
নানা স্বপ্নের গান
শুনিয়েছিল সে —
‘গহীন গাঙের নায়ে
চলনা আমার বাড়ি
তোকে গাঙে নামাবো’।
টকঝাল মচমচ জীবনের দাঁড় টানা
দরিয়ায়
জন্ম মাঝেই লাশের ভেলা ভেসে যায়
তিস্তায়,
ধুয়ে-মুছে সবকিছু জ্বালিয়ে জলে —
নাইওরির সিঁথির সিঁদুর হারায় সন্ধ্যার সিঁদুরে মেঘে;
তিস্তা করতোয়া অবাক চোখে দেখে সাদা থান!
আরো কয়েক জোড়া কান থাকলে তোমরাও শুনতে পেতে
‘এবছর গাঁয়ে খুব মড়ক গো মশাই………’
অথবা—
‘আগুন লেগেছে লাল বইয়ে’;
শুনতে পেতে কামানের বারুদ ভাসে
পৃথিবীর বাতাসে,
প্রায় দুশো সোনা রূপা তামার তরী
মাতাল পরিচালকের কবলে,
শাড়ি শায়া জাঙ্গিয়ার নিচে
এখন তারা খোঁজে রাষ্ট্র-পরিচালনা কাঠি;
উপভোগ্য সবই!
বিশ্বকাপ খেলার মাঠে
স্বপ্ন স্বপ্নবিলাস
হা হুতাশ,
তবুও খেলা আসে খেলা ভাঙে,
ইতিহাস কিছু লিখে রাখে,
কিছু থাকে স্মৃতির পাতায়,
গোধূলিতে কিছু মিশে যায়।
নানা রঙের মেলায়
অভিনয় করতে হয় তার;
অথবা স্বপ্ন সে দেখেছিল বহু দিন আগে বহু বার।
| ⬅️ আগের কবিতা | 📜 সূচিপত্র | পরের কবিতা ➡️ |
|---|
ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚