সমসাময়িক নিষ্ঠার হাতবদল

শুভ নববর্ষের আতশবাজির আলো,
উচ্ছলিত জীবনের প্রথম রাতে
ছড়িয়ে পড়লো তোমাতে—
যেন বিচ্ছুরিত অগ্নিস্রোতের নব অভ্যুদয়!
সঙ্গী ছিল আকাঙ্ক্ষিত সুপেয় হৃদয়,
তাই ছিল না কোনো সাদা-কালো ভয়;
তিনকালের অহিংসাবাদী প্রেমবাদী এ-পৃথিবীর
তোমার-আমার মতো নর ও নারীর।

তবুও তো জাগতিক সংসারের গর্তে পড়ে
হুড়মুড় ভেঙে পড়ে কোনোটা, বা খুব নড়ে
এ পাড়ার ও পাড়ার সুপ্রীতিদের ঘরে ঘরে।
পরস্পর ভালোলাগা হৃদয়গুলোর—
এককালের জমে থাকা নিষ্ঠার দৌড়;
সে যায় তারা আসে, ঘণ্টাক্রমে ভালোবাসে।

সাঁতারুরা গোসল শেষে গা মোছে পথপাশে,
জীবন কাপড় ফেলে জীবনেরই উল্টোপাশে;
ছেঁড়া জীবন জোড়া দেয়, হাত বদলে পাল্টে নেয়—
নিত্যদিন ঘর কিনে সাথীটিকে পাল্টে আনে
দূরের বা কাছের বাজার বা ফুটপাতের
কোলাহলময় কোনো দোকান থেকে;
জীবন আঁকবে আবার জীবনেরই ছকে।

তুমি-আমি একদিন হারালাম চুপিসারে,
আধমরা ব্যাঙ যেমন লুকায় শরীর
বিষাক্ত সাপের ডরে—প্রেমের অভ্যন্তরে!
সকলেই ডুব দিলাম দুর্ভাবনার তোড়ে।

আর তোমার বন্ধুরা এবং তাদের বান্ধবীরা
রংধনুর রোদ কিনতে
বেরোলো আঁধার রাতে অজানার পথে,
ভিনদেশি যুবকের কড়া প্রহরাতে—
সুসময় আনবে বলে হৃদয়ের মর্ম খুলে;
আজ এই অসময়ে কোনখানে তারা—
বলতে পারো কেউ?

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ২ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment