এরিস্টটলের দাসতত্ত্ব বা দাস ব্যবস্থা (ইংরেজি: Aristotelian slavery বা Natural slavery) হচ্ছে দাসযুগের শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার সমর্থনকারী মতবাদ। রাষ্ট্র দর্শনের ইতিহাসে এরিস্টটলের দাসতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ‘দি পলিটিক্স’ গ্রন্থের প্রথম ভাগে দাসতত্ত্ব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মানব জীবনের একটি ঘৃণ্য ও অমানবিক প্রথাকে সমর্থন করে এরিস্টটল উপস্থাপন করেছেন অকাট্য যুক্তি। তিনি নিজেই বলেছেন, “যে রাষ্ট্র দাস ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত নয় তা নিজেই দাস”।
এরিস্টটলের সময় দাসপ্রথা একটি বিতর্কমূলক বিষয়ে পরিণত হয়। সোফিস্ট, স্টয়িক ও সিনিকরা দাস প্রথাকে জঘন্য প্রথা এবং তা মানুষে মানুষে অসাম্য আনবে বলেই তা বিরোধিতা করা হয়েছে। দাসপ্রথার বিরুদ্ধে সমকালীন সমালোচনা এরিস্টটলকে দাস প্রথার স্বপক্ষে যুক্তি দিতে সমর্থন যুগিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “শাসন ও অধীনতা নীতি অনুযায়ী উত্তম অধমকে শাসন করবে এবং অধম উত্তমের আজ্ঞা পালন করবে এটাই প্রকৃতির বিধান।”
এরিস্টটলের দাসতত্ত্ব কীভাবে সমর্থিত হয়েছে
পরিবার হলো রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ উপাদান। তিন ধরণের সম্পর্কের ভিত্তিতে পরিবার গড়ে ওঠে — i) প্রভু-দাসের সম্পর্ক, ii) স্বামী-স্ত্রী সম্পর্ক এবং iii) পিতা ও সন্তানের সম্পর্ক। অর্থনৈতিক কার্যাবলীও পরিবারের আরেকটি উপাদান। সম্পদ সংগ্রহ পরিবারের একটি অর্থনৈতিক উৎস কারণ সম্পদ ছাড়া উত্তম জীবন সম্ভব নয়। আবার জীবনযাপনের উপায়ের সমষ্টি হলো সম্পদ এবং দাস সম্পদের অন্তর্গত। দাস হলো বাড়ির আসবাবের মতো। এই যুক্তির দ্বারা এরিস্টটল দাসকে প্রভুর সম্পত্তি হিসেবে গণ্য করেছেন। দাস ব্যবস্থাকে যুক্তিযুক্ত করার জন্য তিনি বলেন, সমাজে শ্রেয়-অশ্রেয় পার্থক্য বর্তমান এবং শ্রেয় সবসময় অশ্রেয়কে শাসন করে যা উভয়ের পাশেই লাভজনক।
এরিস্টটল মনে করেন মানুষের মধ্যে এমন অনেকে আছে যারা কেবল শরীরটাকেই ব্যবহার করতে জানে, এর থেকে ভালো কিছু করার সামর্থ্য তাদের নেই। এই ধরণের মানুষই প্রকৃতিগতভাবে দাস। শিকারে পশুশিকার যেমন সঙ্গত তেমনি প্রকৃতিগতভাবে যে দাস সে যদি বশ্যতা স্বীকার না করে তখন তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করাই ন্যায্য বা যুক্তি সঙ্গত। এরিস্টটল মনে করেন গৃহপালিত পশুর সঙ্গে দাসের কোনো পার্থক্য নেই। প্রকৃত দাস এবং স্বাধীন নাগরিকদের দেহ পৃথকভাবে গঠন করেছে, দাসের শরীর কায়িক পরিশ্রম করার মত শক্তপোক্তভাবে গঠিত। দাসের পক্ষে দাসত্ব কল্যাণকর, কেননা সে উন্নততর মালিকের কাছে থেকে উৎকর্ষতা, নৈতিকতা লাভ করে থাকে।
প্রাচীন গ্রীসে যুদ্ধবন্দীদের দাস করার নিয়ম ছিল। এরিস্টটল মনে করতেন ন্যায়সঙ্গত যুদ্ধে যারা বন্দী হয়ে তাদের দাস হিসেবে গণ্য করাই সঙ্গত। বিজয়ী যদি বৌদ্ধিক মানের দিক থেকে উৎকর্ষতার অধিকারী হয়, তাকেই বিজিতদের দাস বানানো যেতে পারে নতুবা নয়। কিন্তু যারা প্রকৃতিগতভাবে প্রভু হবার উপযুক্ত তাদের যুদ্ধের মাধ্যমে দাসে পরিণত করা উচিত হবে না। কিন্তু বর্বরদের দাসে পরিণত করা যাবে। প্রভু ও দাসের স্বাভাবিক সম্পর্কে এরিস্টটলের কোনো সন্দেহ ছিল না। তিনি মনে করতেন দাস প্রভুর অংশ – তার দেহের সজীব অংশ। এছাড়াও তাঁর বক্তব্য হলো যেহেতু প্রকৃতি একজনকে দাস এবং অপরকে প্রভু হিসেবে নির্দিষ্ট করেছে তাই উভয়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাই সুবিধাজনক। এরিস্টটল অবশ্য স্বীকার করেছেন যে শক্তি ও প্রথার মাধ্যমে যাদের দাসে রূপন্তরিত করা হয় তাদের মধ্যে ওই সম্পর্ক থাকে না।[১]
আরো পড়ুন
- এরিস্টটলের বিপ্লব তত্ত্ব রাষ্ট্র ও সরকারের পক্ষে বিপ্লববিরোধী অবস্থানে থাকার তত্ত্ব
- এরিস্টটলের দাসতত্ত্ব হচ্ছে দাসযুগের শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার সমর্থনকারী মতবাদ
- এরিস্টটলের রাষ্ট্রতত্ত্ব বা এরিস্টটলীয় রাষ্ট্রের কাজ, চিন্তা, প্রকৃতি এবং সমালোচনা
- প্রাচীন গ্রিক দর্শন রোম সাম্রাজ্য এবং প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দর্শন
- সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের ভাববাদী দার্শনিক
- এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ হচ্ছে ছয় রকমের শাসনব্যবস্থা
- এরিস্টটলের দর্শনচিন্তা যুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং প্রাকৃতিক দর্শনে ব্যাপ্ত
- এরিস্টটলের রাষ্ট্রচিন্তা হচ্ছে প্রাচীন গ্রিসের এই দার্শনিকের রাজনৈতিক চিন্তাধারা
- প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার একটি কল্পলৌকিক সমাজ কাঠামো
- প্লেটোর সাম্যবাদ তত্ত্ব হচ্ছে শাসকদের ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার প্রথাহীন ব্যবস্থা
- প্লেটোর শিক্ষাতত্ত্ব হচ্ছে তাঁর ন্যায় সংক্রান্ত তত্ত্বের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার শিক্ষাব্যবস্থা
- প্লেটোর ন্যায়তত্ত্ব হচ্ছে রিপাবলিক গ্রন্থে ন্যায় বা ন্যায্যতা সংক্রান্ত আলোচনা
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- প্লেটোর জ্ঞানতত্ত্ব হচ্ছে দার্শনিক প্লেটো ও তার অনুসারীদের বিকশিত জ্ঞানের তত্ত্ব
- প্লেটোর দার্শনিক চিন্তা হচ্ছে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিবিদ্যা ও রাষ্ট্রনীতির সমষ্টি
- প্লেটোর একাডেমি ছিলো প্লেটো প্রতিষ্ঠিত দার্শনিক আলোচনার একটি প্রতিষ্ঠান
- প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের প্লেটোবাদী স্কুল ও একাডেমীর প্রতিষ্ঠাতা দার্শনিক
- এরিস্টটল প্রাচীন গ্রিসের ধ্রুপদী সময়কালের একজন দার্শনিক এবং বহু জ্ঞানী
তথ্যসূত্র
১. গোবিন্দ নস্কর, রাষ্ট্রচিন্তা, ডাইরেক্টরেট অফ ডিসট্যান্ট এডুকেশন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ২০১৬, দিল্লি, পৃষ্ঠা ৮-৯।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।